ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে সহপাঠী আম্মানকেও সাময়িক বহিষ্কার করেছে জবি কর্তৃপক্ষ। শনিবার (১৬ মার্চ) বিষয়টি নিশ্চত করেছেন জবি ভিসি সাদেকা হালিম।
এর আগে শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে ফাইরোজ অবন্তিকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্ট করার কিছুক্ষণ পরই ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন।
জানা যায়, ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠনও করা হয়েছে। ৫ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহকে। সদস্য সচিব হিসেবে আছেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপ-পরিচালক হিমাদ্রী শেখর মন্ডল। কমিটির অন্য সদস্যরা হলেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ এবং জবি শিক্ষক সমিতির সভাপতি মার্কেটিং বিভাগের অধ্যাপক জাকির হোসেন।
