যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাড়ির পেছনে নিজের তৈরি ব্যায়ামাগারে পাওয়া গেল বাংলাদেশি যুবকের মৃতদেহ। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে নিউ ইয়র্কের কুইন্সে বাড়ির পেছনে ব্যায়ামাগার থেকে পুলিশ রায়ান জামান (২৯)-এর মৃতদেহ উদ্ধার করে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান ও মহিলা নেত্রী মুর্শেদা জামানের একমাত্র ছেলে রায়ান জামান কিভাবে নিজের তৈরি ব্যায়ামাগারে মারা গেছে তা এখনও পুলিশ জানতে পারেনি। রায়ানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার বাবা আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ মার্চ) সারাদিন কোনো খোঁজ না পেয়ে রায়ানের মা-বাবা তার সহকর্মীকে ফোন করে জানতে পারেন সে কাজে যায়নি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। কোথাও তার কোনো সন্ধান না পেয়ে মা-বাবার মনে সন্দেহ দেখা দেয়। পরে বিকেলে নিউ ইয়র্কের কুইন্সে বাড়ির পেছনে রায়ানের তৈরি ব্যায়ামাগারে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। ঘটনা স্থানীয় পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানতে পারেননি রায়ানের মা-বাবা।
জানা গেছে, আগামীকাল শনিবার (১৬ মার্চ) বাদ জোহর রায়ানের জানাজা জামাইকার মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে এবং একই দিনে লং আইল্যান্ডের মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।
