ঘাড়ে আঘাত পাওয়ায় সৌম্যর কনকাশন, মাঠে নেই আম্পায়ারও

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৪:০৫ পিএম

শ্রীলঙ্কা ব্যাটিং করেছে পুরো ৫০ ওভার। আর এই সময়ের মধ্যে চোট পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। এদের মধ্যে মাঠ ছাড়তে হয়েছে তিন ক্রিকেটারকে। শুধু ক্রিকেটারই নন! প্রচণ্ড গরমের কারণে বাংলাদেশ ইনিংসে মাঠে নামেননি আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। তার পরিবর্তে নেমেছেন চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ।

পাঁচ ক্রিকেটারের মধ্যে ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বলে উইকেট কিপার মুশফিকুর রহিম ব্যথা পেয়েছিলেন হাতে। কিছু সময় খেলা বন্ধ থাকে তখন। তবে মাঠেই শুশ্রূষা শেষে মুশফিক আবার খেলায় ফেরেন। ফিল্ডিং করতে গিয়ে পায়ে ব্যথা পান এনামুল হক বিজয়। মাঠের বাইরে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলায় ফেরেন তিনিও। কিন্তু মাঠে ফিরতে পারেননি সৌম্য, মোস্তাফিজ এবং মোস্তাফিজের বদলি হিসেবে ফিল্ডিংয়ে নামা জাকের আলী। লিটন দাস শেষ ওয়ানডের দল থেকে বাড় পড়ার পর বদলি হিসেবে স্কোয়াডে নেওয়া হয় জাকেরকে।

এক ইনিংসেই এত চোট-আঘাতের ঘটনার মধ্যে সবার প্রশ্ন একটাই। সৌম্যর চোট কনকাশন হয় কিভাবে। ফিল্ডিংয়ের সময় দেখা গেছে হাটুতে ব্যাথা পেয়েছেন সৌম্য সরকার। কোনো খেলোয়াড়ের কনকাশন সমস্যা হলেই একমাত্র তা সম্ভব। তাহলে সৌম্যের কি কনকাশন সমস্যা হলো? কীভাবে!

এ ব্যাপারে জাতীয় দলের ফিজিও বাজেদুল ইসলাম খান বলেন, ‘বাউন্ডারি বাঁচাতে গিয়ে সৌম্য বিলবোর্ডের সঙ্গে ধাক্কা খান। প্রথমে তার মাথা মাটিতে আঘাত করেছিল। এসময় ঘাড়ে আঘাত পান তিনি। পরে মাথায় প্রচন্ড ব্যাথা অনুভব ঝাপসা দেখছিলেন বলে জানান তিনি। সঙ্গে তার হাঁটুতেও চোট আছে। আর এ কারণেই আমরা কনকাশন বদলীর জন্য আবেদন করেছিলাম। পরে সেটা গ্রহণও করা হয়েছে।’

সৌম্যের পরে ঘাড়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন জাকের আলী অনিকও। ফিল্ডিংয়ে বিজয়ের সঙ্গে সংঘর্ষে আঘাত পাওয়া জাকেরকে প্রাথমিক কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় ইমপেরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিষয়ে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, তিনি ঘাড়ে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত