পাকিস্তান সুপার লিগের ম্যাচ চলছে। তার মাঝেই সাজঘরে বসে ধুমপান করছেন পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিম। ক্যামেরায় ধরা পড়ে গিয়েছেন বুঝে লুকিয়ে ফেলেন। ইমাদের এমন কাণ্ড দেখে অবাক সকলে।
সোমবার ছিল ইসলামাবাদ ইউনাইটেড এবং মুলতান সুলতানের মধ্যে। সেই ম্যাচে ৩৫ বছরের ইমাদ ৪ ওভার বল ঘুরিয়ে ২৩ রান দিয়ে নেন ৫ উইকেট। তার এই স্পেল পিএসএলের ন’বছরের ইতিহাসে সেরা। এর আগে পিএসএলে কোনও বোলার ৫ উইকেট নিতে পারেননি। ইমাদের দাপটেই মোহাম্মদ রিজওয়ানের মুলতান থেমে যায় ১৫৯ রানে।
৫ উইকেট নিয়ে সাজঘরে ফিরে সিগারেট ধরান ইমাদ। একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। আরও চার-পাঁচ বছর ক্রিকেট খেলতে চাওয়া ইমাদের এখনও পর্যন্ত কোনো শাস্তি হয়নি।
খেলার মাঝে ধুমপান করার ঘটনা যদিও ক্রিকেটে নতুন নয়। গত বছর বিপিএলের সময় খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজনকেও দেখা গিয়েছিল এভাবে ধুমপান করতে।
