স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ায় ছবি আদান-প্রদান এখন হয়ে উঠেছে ব্যবহারকারীদের ভাব প্রকাশের অন্যতম ভাষা। সেই ছবিতেও যোগ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব। এআইর মাধ্যমে এমন কিছু ভুয়া ছবি তৈরি হচ্ছে, যা দেখে একেবারে বাস্তব মনে হবে। সেসব ছবি অনেককে বড়সড় বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে ভুয়া ছবি চেনার উপায় জানা সাধারণের জন্য খুবই জরুরি হয়ে পড়েছে।
ছবিতে থাকা মানুষ পর্যবেক্ষণ : কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের ছবি নিখুঁতভাবে তৈরি করতে পারে না। আর তাই কোনো ছবির বিষয়ে সন্দেহ হলে সেখানে থাকা মানুষের নাক, কান, পা ও হাতের গড়ন ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। মুখের সঙ্গে ঠোঁটের অসামঞ্জস্যতা, অস্বাভাবিক আকৃতি বা অদ্ভুত অবস্থান, চোখের চারপাশ ও কানের ওপরের অংশে ত্রুটি থাকলে বুঝতে হবে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার দিয়ে তৈরি করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ : একটি ছবির সত্যতা যাচাইয়ের প্রথম ধাপ হলো রিভার্স ইমেজ সার্চ। আপনার স্মার্টফোনে গুগল লেন্স অ্যাপ্লিকেশনের সাহায্যে বা কম্পিউটারের ব্রাউজারের মাধ্যমেও এই কাজটি করতে পারেন। ‘ইয়ানডেক্স’ সার্চ ইঞ্জিন ব্যবহার করেও রিভার্স ইমেজ সার্চ করা যায়। এই পদ্ধতির সাহায্য নিয়ে আপনি জানতে পারবেন, ছবিটি আগে অন্য কোথাও ব্যবহৃত হয়েছিল কিনা। যদি কোনো ফলাফল না পাওয়া যায়, তাহলে গুগল সার্চ ইঞ্জিনে কিওয়ার্ড ব্যবহার করে ছবির ডেসক্রিপশন দিয়ে দিন। যেমন কোনো ছবিতে যদি একটি বিড়াল দেখতে পান, তাহলে বিড়ালটি কী করছে বা ছবির অন্যান্য খুঁটিনাটি তথ্য গুগল সার্চে লিখুন। তাহলে ছবিটি ভুয়া কিনা বা এর যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন।
ছবির বিবরণ পরীক্ষা করা : কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ছবিগুলোতে প্রায়ই কম বিবরণ থাকে। ছবির বিষয়বস্তুর রেখাগুলো অস্বাভাবিক রকমের মসৃণ হতে পারে অথবা ছবিতে থাকা ছোট ছোট অনেক কাজ আছে, যেগুলো অস্পষ্ট থাকতে পারে। যেমন চুলের মিল তেমন থাকে না, ফেস কিছুটা কার্টুনের মতো দেখা যায়।
ছবির সামগ্রী পরীক্ষা করা : কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিগুলোতে প্রায়ই অস্বাভাবিক বা অবাস্তব কাজের ছাপ থাকে বা ছবিতে এমন কিছু থাকতে পারে, যেসব আঁকা প্রায় অসম্ভব অথবা ছবির বিষয়বস্তু এমনভাবে সাজানো থাকতে পারে, যা আমাদের দেখা জাগতিক বিষয়বস্তুর মতো নয়।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি : তথ্যের মতো করে ছবি দিয়েও ছবি সার্চ করা যায়। এই পদ্ধতিকে বলা হয় ‘রিভার্স ইমেজ সার্চ’। সার্চ ইঞ্জিনে ছবি দিয়ে সেই ছবির তথ্য খোঁজ করাকেই রিভার্স ইমেজ সার্চ বলা হয়। ছবিসংযুক্ত কোনো তথ্য যাচাইয়ে ইমেজ সার্চ খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সার্চ ইঞ্জিনে ইমেজ সার্চের অপশন রয়েছে। এদের মধ্যে জনপ্রিয় বা বহুল ব্যবহৃত কয়েকটি ইমেজ সার্চ ইঞ্জিন হলো : Google Image Search, Yandex Image Search, Bing Image Search & Tineye. এই সাইটগুলো ব্যবহার করে ছবি যাচাই করতে পাবেন।
গুগল বার্ড : ভুয়া ছবি চিনতে আপনাকে সাহায্য করতে পারে গুগল বার্ড। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চ্যাট পরিষেবাটি যে কোনো ছবির বিষয়ে যথাযথ ফলাফল দিতে পারে। তবে এ জন্য আপনাকে গুগল বার্ডে প্রমোট সেকশনে যেতে হবে। সেখানে ছবিটি দিয়ে আপনি যা জানতে চান, সে সংক্রান্ত প্রশ্নগুলো করতে হবে। যেমন- আপনি লিখলেন, ‘ছবি সম্পর্কে আমাকে আরও বলুন’ বা ‘এটি কোথায় তোলা হয়েছিল?’ যত ভালো প্রশ্ন দেবেন, তত ভালো উত্তর পাবেন।
