'ম্যাচ জিতলে নিজ দেশের ইতিহাসের অংশ হতে পারব'

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১০:০৭ এএম

সান মারিনো জাতীয় ফুটবল দলে মাতেও ভিতাইওলির অভিষেক হয় ২০০৭ সালে। সবচেয়ে বেশি ৯১টি ম্যাচও খেলেছেন তিনি। বর্তমানে দলের অধিনায়কও। কিন্তু ভিতাইওলি জাতীয় দলের হয়ে এখনো জয়ের দেখা পাননি।

সান মারিনো কোন ফুটবল ম্যাচ জিতেছে ২০ বছর আগে। ২০০৪ সালের ২৮ এপ্রিল সেই ম্যাচে লিখটেস্টাইনের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল সান মারিনো।

এরপর ১৩৬ ম্যাচ খেলে কোন জয়ের দেখা পায়নি তারা। আজ সান মারিনো প্রীতি ম্যাচ খেলতে নামবে সেন্ট কিটসের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে।

সেন্ট কিটস র‍্যাঙ্কিংয়ে সান মারিনোর চেয়ে ৬৩ ধাপ ওপরে। ২০ বছরের জয়ের খড়া কি আজ কাটাতে পারবে সান মারিনো।

বিশ্বের পঞ্চম ছোট দেশ সান মারিনোকে ঘিরে আছে ইতালি। জনসংখ্যা মাত্র ৩৩ হাজার। ফিফা র‍্যাঙ্কিংয়ে ২১০ নম্বরে থাকা দেশটি এখন পর্যন্ত ২০১টি ম্যাচ খেলে ১৯২টি হেরেছে।

তবু সেন্ট কিটসের সঙ্গে জয়ের সুযোগ দেখছেন অধিনায়ক ভিতাইওলি। ‘জিতলে নিজ দেশের জাতীয় দলের ইতিহাসের অংশ হতে পারব। তাই এটাই চূড়ান্ত লক্ষ্য। এটা একটা ছাপ রেখে যাওয়ার সুযোগ, যা কখনো মুছে যাবে না।'

ফুটবল খেলার পাশাপাশি ভিতাইওলি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবেও কাজ করেন।

ডেনমার্কের বিপক্ষে গত বছরের অক্টোবরে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম গোলের দেখা পায় তারা। এরপর কাজাখস্তান ও ফিনল্যান্ডের বিপক্ষেও গোল পায় দলটি। হারলেও পরপর তিন ম্যাচে দলের গোল পাওয়ার প্রথম ঘটনা এটি।

টানা তিন ম্যাচে গোল পাওয়া দেশটি এবার সেন্ট কিটসের বিপক্ষে জয়ের প্রত্যাশা করতে পারে।

দলের কোচ রবার্তো সিভোলির বলেন, ‘কাজটা সহজ হবে না। আমরা জানি যে এ ম্যাচে অনেক সমস্যার ভেতর দিয়ে যেতে হবে। কিন্তু খেলোয়াড়েরা সঠিক কাজ করছে, দারুণভাবে অনুশীলন করছে এবং আমাদের প্রত্যাশা আমরা একটা জয় পেতে পারি, কেন নয়?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত