ফোনালাপ ফাঁস কাণ্ডে সমালোচিত তামিম

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৪:৩৫ পিএম

দেশের একটি টিভি চ্যানেলে প্রচারিত খবরে দাবী করা হয়েছে, ফাঁস হয়েছে তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজের ফোনালাপ। এই দুই ক্রিকেটার আলাপ করছেন মুশফিকুর রহিমের ব্যাপারে। ব্যাপারটি অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবাল সমালোচিত হচ্ছেন, কারণ অনেকেই মনে করছেন এই ফোনালাপটি পরিকল্পিত এবং একটি মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী কর্মকাণ্ডের অংশ।

ফাঁস হওয়া ফোনালাপে তামিমমে মিরাজের উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'লাস্টে আমাদের ...ফাইনাল এর পরে মিটিংয়ে কি কথা হইসে। আমি তোরে ঐ সময় একটা কথা বলছিলাম না, যে আমরা চেষ্টা করব যে ৭০-৮০ পারসেন্ট আমরা যেন সেইম টিম থাকতে পারি। আর আমার এই কথার বেইসই তো ছিল তুই মুশফিক সব সহ। সে করসে টা কি শোন, সে আমার সঙ্গে কথা বলে নাই তো বলে নাই সে এখন আলাদা টিম বানাচ্ছে।'

সবশেষ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগে তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশাল শিরোপা জয় করে, সেই দলে তামিমের সতীর্থ ছিলেন মুশফিক ও মিরাজ দুজনেই। এই তিনজনই সম্পৃক্ত আছেন একটি মোবাইল আর্থিক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমে।

যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই মনে করছেন, আসলে নতুন কোন প্রচার কৌশলের অংশ হিসেবেই এই কথিত ফোনালাপ ফাঁসের ঘটনা ঘটানো হয়েছে।

যে আশঙ্কাকে উস্কে দিয়েছে তামিমের ফেসবুক স্ট্যাটাস, 'জন্মদিনের শুভেচছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি'- তামিম ইকবাল'।

দেশ রূপান্তর থেকে যোগাযোগ করা হয় ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানান মুশফিকের চলে যাওয়া বা অন্য দল গঠন করার ব্যপারে তিনি অবগত নন, 'মুশফিক দল ছেড়ে চলে গেছে কি না বা অন্য দলে যোগ দিয়েছে কি না সেটা বলতে পারব না। আমাদের সঙ্গে তো তার এক মৌসুমের চুক্তি, পরের ড্রাফটের আগে দেখা যাবে সে খেলবে কি না। আমি ফোনালাপের বিষয়ে কিছু জানি না, তামিমকে জিজ্ঞাসা করুন।' মোবাইল আর্থিক সেবা প্রদানকারী সংস্থা নগদ এর জিএম এটিএল মার্কেটিং মুশফিক কল্লোল দেশ রূপান্তরকে জানান, 'এর সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নেই। তামিম তো সন্ধ্যা ৭টায় লাইভে আসছে, তখনই সব জানতে পারবেন।'

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেও সাকিব আল হাসান ও তামিমকে এক করেছিল নগদ। দুজনেই অংশ নিয়েছিলেন নগদের বিজ্ঞাপণচিত্রে। যদিও তাতেও দুজনের অভিমান ভাঙ্গেনি। বিশ্বকাপে যাত্রার আগের দিন সাকিব সাক্ষাৎকারে প্রবল সমালোচনা করেছিলেন তামিমের, কিছুদিন আগে একটি টিভি চ্যানেলের কাছে তামিমও জানিয়েছেন নিজের বক্তব্য।

তামিম জাতীয় দলে খেলা না খেলা নিয়ে যে প্রলম্বিত ঘটনাপ্রবাহের জন্ম দিয়েছেন তাতে অনেকেই বিরক্ত। শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ শুরুর প্রাক্কালে তামিমের এই কথিত ফোনালাপ ফাঁসের ঘটনাতেও অনেকে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নিউ এইজ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক আজাদ মজুমদার ফেসবুকে নিজের মত প্রকাশ করেছেন এভাবে, 'ভুয়া ফোন কল প্রচারণার মাধ্যমে তামিম, মিরাজ, নিজেদের ভাঁড়ের পর্যায়ে নামিয়ে এনেছে। এজন্য এখন মানুষ যদি তাদের আসল কাজেও সন্দেহ করে তাহলে দোষ দেয়া যাবে না। তামিমের জন্য করুনা হচ্ছে। একজন কিংবদন্তীকে দেখছি যে নিজেকে সস্তা বানিয়ে ফেলার জন্য যা কিছু সম্ভব সব করছে।'

আজাদ মজুমদারের মত আরও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের এই কর্মকান্ডের সমালোচনা করছেন। ক্রীড়া সাংবাদিক আপন তারিক নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, 'বিগত যৌবনা- গত রাতে মিথ্যেবাদী রাখালদের তথাকথিত ফাঁস হওয়া টেলিফোন আলাপ শুনে এই প্রাচীন শব্দটাই মাথায় আসলো! মানুষ তার সেরা সময়টা পিছনে ফেলে এলে, টাকার জন্য এতটা এতটা নিচে নামতে পারে তাই দেখলাম! নিজের অতীত, ব্যক্তিত্ব এভাবে ভুলে কিছু অর্থের জন্য নিজেকে এতটা সস্তা বানানো যায়?'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত