প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে খেলতে চেয়েছিলেন লিওনেল মেসি। এখনো এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও মেসির না খেলার সম্ভাবনাই বেশি। অন্যদিকে ফ্রান্সের হয়ে অলিম্পিকে খেলার আগ্রহ দেখিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্যারিস অলিম্পিকের ড্রয়ে একই পটে রয়েছে এ দুই দেশ। আজ রাত ১২টায় প্যারিসের পালস ভবনে ঠিক হবে কোন গ্রুপে কে পড়ছে।
প্যারিস অলিম্পিক ফুটবল ড্র
পট ১: ফ্রান্স, এশিয়ার সেরা, এশিয়ার দ্বিতীয় সেরা এবং আর্জেন্টিনা।
পট ২: স্পেন, নিউজিল্যান্ড, প্যারাগুয়ে এবং মরক্কো।
পট ৩: যুক্তরাষ্ট্র, মিশর, এশিয়ার তৃতীয় সেরা এবং মালি।
পট ৪: ডমিনিকান রিপাবলিক, ইজরায়েল, ইউক্রেন এবং প্লেঅফ বিজয়ী (গিনি বা এশিয়ার চতুর্থ সেরা)
এবার আর্জেন্টিনা দলে মেসির খেলা সম্পর্কে কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি, ওর ইনজুরি নিয়ে, ও কেমন বোধ করছে তা নিয়ে। বাস্তবতা বিবেচনায় কোপা আমেরিকার জন্য ওর অলিম্পিকে খেলা একেবারেই কঠিন তবে আমি আশা ছাড়ছি না।’
অলিম্পিক ফুটবলে প্রতিটি দেশের অনূর্ধ্ব-২৩ পর্যায়ের দল অংশ নিলেও ৩ জন সিনিয়র খেলোয়াড় প্রতি দলে খেলতে পারেন। গতবারে স্বর্ণজয়ী ব্রাজিল দলে খেলেছিলেন দানি আলভেজ।
