সম্প্রতি রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী বাদশা সাব্বির ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মাফিজুর রহমান সাগর।
ছাত্রকল্যাণের সদ্য মনোনীত সভাপতি বাদশা সাব্বির কলেজ শাখা ছাত্রলীগের উপ গণ যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ থাকার পরেও তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ অনেকের।
জানা গেছে, গত বছর রাজধানীর জাকারিয়া বারে মদ খেয়ে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। ওই ঘটনায় শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে বাদশা সাব্বিরের (সভাপতির অনুসারী) নামও আসে গণমাধ্যমে। এ ঘটনায় বনানী থানায় মামলাও হয়েছিলো।
সূত্রমতে, ঢাকার মহাখালীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের একদল নেতা–কর্মী পাশের একটি বারে ঢুকে মদ্যপান করেন। শেষ দিকে নিজেদের দুই পক্ষে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় বার কর্তৃপক্ষ মদের দাম চাইলে আরও নেতা–কর্মীকে ডেকে এনে ওই বারে ভাঙচুর, কর্মচারীদের মারধর এবং টাকা ও মদ লুট করেছিলেন তারা।
এছাড়াও ক্যাম্পাসে বেশকিছু বার নারী শিক্ষার্থীদেরকে উত্ত্যক্ত করার ও জুনিয়রদেরকে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন সমালোচিত শিক্ষার্থীকে একটি জেলা ছাত্রকল্যাণের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় সমালোচনা সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মার্চ) উপদেষ্টা মো. গোলাম সরোয়ার বাবু, মাসুদ রানা, ইসহাক আলী ও সাবেক সভাপতি তুহিন মাহমুদ ও সাধারণ সম্পাদক আল আমিন আহম্মেদ তিতুমীরস্থ বগুড়া জেলা ছাত্রকল্যাণের এ নতুন কমিটির অনুমোদন দেন।
