রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে তিন শিশুসহ অন্তত ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ হামলাকে রাশিয়ার আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে দেশটির সংবাদমাধ্যম আরটি।
জানা গেছে, মস্কোর ক্রোকাস সিটি হলে রুশ রক ব্যান্ড ‘পিকনিক’ এর কনসার্ট করার কথা ছিল সেখানে। কনসার্ট দেখতে প্রায় সাড়ে ৭ হাজারের মতো মানুষের জড়ো হয়েছিল হলটিতে। পিকনিক ব্রান্ড মঞ্চে ওঠার আগ মুহূর্তেই এই হামলার ঘটনা ঘটে। তবে ব্যান্ডের সদস্যরা নিরাপদ রয়েছে বলে ইনস্টাগ্রাম পোস্টে নিশ্চিত করেছে তারা।
আরটি জানিয়েছে, হামলার ধরণ দেখে এটা পূর্বপরিকল্পিত বলেই প্রতীয়মান হয়। যেভাবে হামলা চালালে হতাহতের সংখ্যা সর্বোচ্চ হবে সেভাবেই হামলাটি চালানো হয়েছে। সন্ত্রাসীরা রাশিয়ার রাজধানীর পশ্চিম উপকণ্ঠে অবস্থিত ক্রাসনোগর্সকের ক্রোকাস সিটি হলে হামলাটি চালায়। ২০০৯ সালে চালু হওয়া একটি বিনোদন কেন্দ্রের একটা অংশ এই কনসার্ট হলটি। পুরো কমপ্লেক্সে একটি শপিং মল ও একটি হোটেলও রয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যাচ্ছে, পাঁচজন বন্দুকধারী হামলাতে অংশ নিয়েছিলেন। তাদের হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য সামরিক অস্ত্র ছিল বলে মনে করা হচ্ছে। হামলাকারীরা ওই হলের নিরস্ত্র নিরাপত্তাকর্মীকে হত্যা করে ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। এ সময় তারা ভেতর থেকে হলটি বন্ধ করে রাখে।
