বাবা হারালেন সংবাদ প্রকাশের জ্যেষ্ঠ সহসম্পাদক হাবীব ইমন

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৪:০১ পিএম

সংবাদ প্রকাশের জ্যেষ্ঠ সহসম্পাদক ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ কবি-লেখক হাবীব ইমনের বাবা মো. খলিল উল্লাহ আর নেই। বাংলাদেশ সময় শনিবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট ইউনিভার্সিটি হসপিটালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মস্তিষ্কে রক্তক্ষরণ, ডায়াবেটিস, কিডনি, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানান হাবীব ইমন।

আগামীকাল রবিবার (২৪ মার্চ) বাদ জোহর ব্রিসবেন মুসলিম কমিউনিটির গোরস্তানে মো. খলিল উল্লাহর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে তার দাফন সম্পন্ন হবে।

জানা গেছে, তার দুই ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী। গত ১০ ডিসেম্বর তিনি সস্ত্রীক দুই ছেলের কাছে বেড়াতে অস্ট্রেলিয়া যান। তার মেজ ছেলে ডা. আশিকুর রহমান সানশাইন কোস্ট ইউনিভার্সিটি হসপিটালের আবাসিক সার্জন।

পেশা জীবনে মো. খলিল উল্লাহ উত্তরা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ছিলেন। ২০০৬ সালে তিনি চাকরি থেকে অবসরে যান। তার বাবা ডা. নেয়াজুর রহমান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে নোয়াখালী জিলা স্কুল প্রাক্তন ছাত্র ফোরাম, নোয়াখালী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, নোয়াখালী প্রেসক্লাব, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও সংবাদ প্রকাশ পরিবার শোক প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত