জয়ের ব্যবধানটা ৩-০ গোলের। দেখেই বোঝা যাচ্ছে হেসেখেলেই এল সালভাদরকে হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিহীন ম্যাচটাতে দেখা গেছে রক্ষণে বৈচিত্র। পেছনের কারণগুলি অবশ্য ম্যাচ শেষে লিওনেল স্কালোনি নিজেই খোলাসা করেছেন সঙ্গে জানিয়েছেন কোস্টারিকার বিপক্ষে পরের ম্যাচে আসবে আরও পরিবর্তন।
দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘নাহুয়েল মোলিনার গোড়ালি মচকে গিয়েছিল। কয়েকদিন সে অনুশীলনও করতে পারেনি। তাই তার জায়গায় পেরেজ খেলেছে। গঞ্জালো, হুয়ান ও পাবলো চোটে পড়ায় তাকে সুযোগ দিয়েছিলাম। আমরা জানি এটা তার জায়গা নয়। তবে সে দারুণভাবে সামলেছে।’
রক্ষণভাগে উইঙ্গার হিসেবে নেহুয়েন পেরেজের অবস্থান নিয়ে স্কালোনি বলেন, ‘এই ম্যাচে আমাদের সঙ্গে যা ঘটেছে তা যদি আমাদের সঙ্গে ঘটে তাহলে এটা সত্যিকারের বিকল্প।’
একইভাবে, ডিফেন্ডার হিসাবে নিকোলাস তাগলিয়াফিকোর অন্তর্ভুক্তি সম্পর্কে কোচ ব্যাখ্যায় জানান এটাই প্রথম নয়। অতীতেও এমন পরিবর্তন করা হয়েছে এবং তা কেবল পরীক্ষা-নিরীক্ষার অংশ। স্কালোনি বলেন, ‘নিকো ইতিমধ্যে বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে খেলেছে। আমার বিশ্বাস, আজকের যে ম্যাচে আপনাকে আক্রমণ করতে হবে সেটা সে পারবে। এটা স্পষ্ট যে আমরা সবসময় এটি করব না, তবে তারা এমন পরীক্ষা-নিরীক্ষায় খুশি। আমরা প্রথমার্ধের শেষে তাকে বাইরে নিয়ে যাই। কারণ সে ভালো খেলছিল, তাই কোনো ঝুঁকি নিতে চাইনি।’
পরীক্ষা-নিরীক্ষা নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি যারা একাদশের বাইরে থেকে যায়, তাদেরকে সুযোগ দিতে। মাঠে একটা বৈচিত্র আনতে। এই ম্যাচে আমরা সেটাই করেছি। ফল দেখে আমি খুশি। সাধারণভাবে বলতে গেলে আমি মনে করি এটা ভালো একটা ম্যাচ ছিল। আমরা মাঠে যেভাবে খেলা পরিকল্পনা করেছিলাম, ঠিক তেমনই হয়েছে।’
আজকের ম্যাচে অভিষেক হয়েছে ইংলিশ ক্লাব ব্রাইটনের ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কো। তার অভিষেক নিয়ে তিনি বলেন, ‘মার্কোস আকুনা আসেনি চোটের কারণে। আমাদের কেবল নিকো তাগলিয়াফিকো ছিল। উদ্দেশ্য ছিল তাকে কিছুটা বিশ্রাম দেওয়া এবং ভ্যালেন্টিকোকে দেখা। সেজন্যই তাকে অভিষেকের সুযোগ দেওয়া। অনুশীলনে সে আমাদের মুগ্ধ করেছিল। যদিও অনুশীলন হয়েছে অল্পই। যদি আরেকটা ম্যাচ থাকত, তাহলে আমরা আরেকটু ভেবে দেখতাম।’
পুরো সময় খেললেও স্কোরিংয়ে অবদান রাখতে পারেননি লাউতারো মার্তিনেজ। তাকে নিয়ে স্কালোনি বলেন, 'সে গোল করল কি করল না তা নিয়ে চিন্তিত না। সে দলের সঙ্গে নিজেকে ধরে রেখেছে, রাখবে। সে ভালো খেলেছে, শুধু মুভমেন্টের দিক থেকেই নয়, শারীরিক দিক থেকেও সে ভালো আছে। যৌক্তিকভাবে, একজন স্ট্রাইকার গোল করতে চায় এবং যখন সে গোল করে না তখন সে এটা পছন্দ করে না, কিন্তু আমরা শান্ত থাকি।'
