বাংলাদেশে গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে 'বাংলাদেশ গণহত্যার স্বীকৃতি' শিরোনামে একটি আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করছে মুক্ত আসর ও বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড নামে দুটি সংস্থা। আগামীকাল রবিবার বিকাল ৪টায় ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের আটজন বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন ড. সৈয়দ মুনতাসির মামুন, মহাপরিচালক, আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও আইসিটি, পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়েবিনারটি পরিচালনা করবেন যুক্তরাজ্য-ভিত্তিক লেখক প্রিয়জিৎ দেবসরকার।
প্যানেলের অন্য সদস্যরা হলেন যুক্তরাষ্ট্র-ভিত্তিক রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ বব ল্যান্সিয়া, ড. একেএম শাহনেওয়াজ, সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড, জাতীয় কমিটি, স্টিফেন মিচট, প্রেসিডেন্ট, আইডিয়াল ইন্টারন্যাশনাল, প্যারিস, ফ্রান্স, বিরো দিওয়ারা, মহাসচিব, ইন্টারফেইথ ইন্টারন্যাশনাল, জেনেভা, সুইজারল্যান্ড; ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন, পরিচালক, ইউরোপ বাংলাদেশ ফাউন্ডেশন, যুক্তরাজ্য এবং আবু সাঈদ, লেখক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড, জাতীয় কমিটি।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চ লাইট নামে পরিচালিত অভিযানে প্রায় ৫০ হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল। এছাড়া ২৫শে মার্চের পর থেকে পরবর্তি ৯ মাসের যুদ্ধে প্রায় ৩০ লাখ বাঙালিকে হত্যা করা হয়েছে বলেও সরকারিভাবে দাবি করা হয়।
একাত্তরে পাকিস্তানি সেনা ও বাঙালি সহযোগীদের দ্বারা এই ব্যাপক হত্যা ও নির্যাতনের বিষয়টিকে সামনে এনে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ২০১৭ সাল থেকে ২৫শে মার্চকে গণহত্যা দিবস পালন করছে। জাতীয় সংসদে এবং মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি প্রস্তাবও পাশ হয়েছে। তবে স্বাধীনতার পর গত ৫৩ বছরে এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ বিভিন্ন সময় চেষ্টা করলেও তাতে সফল হয়নি।
