২০ মার্চের পর গতকাল শনিবার ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। এই পুরুষ রোগীর বয়স ৬১-৬৫ বছরের মধ্যে।
এ নিয়ে মাসের গত ২৩ দিনে পাঁচজন ডেঙ্গুতে মারা গেল। জানুয়ারিতে মারা গেছে ১৪ জন। ফেব্রুয়ারিতে তিনজন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট মারা গেল ২২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন চারজন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে সবাই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছে। এ নিয়ে এ মাসের মোট রোগীর সংখ্যা দাঁড়াল ২২৬ জন। এর আগের মাসে ফেব্রুয়ারিতে রোগী ছিল ৩৩৯ জন ও তার আগের মাসে জানুয়ারিতে ১ হাজার ৫৫ জন। সবমিলে এ বছর এখন পর্যন্ত মোট ভর্তি হয়েছে ১ হাজার ৬২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে ওই বছর।
চার দিন ধরে করোনা ৬% ঘরে : স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪৩২টি নমুনা পরীক্ষা করে ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুপাতে শনাক্ত হার ছিল ৬ শতাংশ। সে হিসেবে গত চার দিন ধরে শনাক্ত হার ৬ শতাংশের ঘরে ওঠানামা করছে।
