আহমেদাবাদে দর্শকদের বিরূপ মন্তব্যের শিকার পান্ডিয়া

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১১:০২ এএম

ক্যারিয়ারের শুরু থেকে হার্দিক পান্ডিয়া খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তবে গুজরাটের ছেলে হার্দিক ২০২২ সালে নিজ রাজ্যের ফ্র‍্যাঞ্চাইজি এলে সেই গুজরাট টাইটান্সে নাম লেখান। তার নেতৃত্বে অভিষেক আসরেই তারা হয় চ্যাম্পিয়ন। 

এবার আইপিএল শুরু হওয়ার অনেক আগেই দল বদলেছিলেন হার্দিক। অনেক জলঘোলা করে গিয়েছেন ‘নিজের ঘর’ মুম্বই ইন্ডিয়ান্সে। তা যে গুজরাটের সমর্থকেরা ভাল ভাবে নেননি তার প্রমাণ পাওয়া গেল রবিবার। মুম্বইয়ের অধিনায়ক হিসাবে আহমেদাবাদে টস করতে নামার সময়েই দর্শকদের বিরূপ আচরণের মুখে পড়তে হল হার্দিককে। দেওয়া হল ব্যাঙ্গাত্মক শিস।

গুজরাট থেকে হার্দিক মুম্বাইয়ে যাওয়ায় অনেকেই খুশি হননি। গিয়েই অধিনায়কের আসনে বসেছেন হার্দিক। সরানো হয়েছে রোহিত শর্মার মত অধিনায়ককে। এমন আচরণেও তারা ক্ষিপ্ত। গুজরাটের সমর্থকদের অনেকেই ব্যক্তিগত ভাবে রোহিতকে পছন্দ করেন। তাই রোহিতের প্রতি এমন আচরণ মানতে পারেননি অনেকে। টসের সময় হার্দিক মাঠে পা রাখতেই ‘রোহিত, রোহিত’ চিৎকারে মুখরিত হয় নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন বেশ ভাইরাল।

টসের সময় রোহিতকে নিয়ে কোনো কথা বলেননি হার্দিক। তবে মুম্বাইয়ে ফেরা নিয়ে মন্তব্য ঠিকই করেছেন এই অলরাউন্ডার, ‘গুজরাটে আমার জন্ম। অনেক সাফল্য পেয়েছি এখানে। তাই এই সমর্থক এবং রাজ্যের কাছে বরাবর কৃতজ্ঞ থাকব। কিন্তু আমার ক্রিকেটীয় জন্ম মুম্বইয়ে। তাই সেই দলে ফিরতে পেরে ভাল লাগছে।’ 

টসের পর হার্দিক যখন সঞ্চালকের সঙ্গে কথা বলছেন তখন মাঠের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাঙ্গাত্মক শিস শোনা যায়। কেউ কেউ কটাক্ষও করতে থাকেন। যদিও অনেকেই দাবি করেছেন, বিষয়টি ভুল। হার্দিককে লক্ষ্য করে কেউ শিস দেননি। তবে কেভিন পিটারসেন সে কথা স্বীকার করেছেন। উল্লেখ করেন, ভারতে কখনোই এমন কিছু দেখেননি তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত