পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পে নিহত ৫, হাজারও বাড়িঘর ধ্বংস

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০২:৫৪ পিএম

ওশেনিয়ার দেশ পাপুয়া নিউগিনিতে রোববারের শক্তিশালী ভূমিকম্পে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া প্রায় এক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

স্থানীয় সময় রোববার (২৪ মার্চ) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির উত্তরাঞ্চলের প্রত্যন্ত অংশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্যমতে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

রবিবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানার আগে থেকেই সেপিক নদীর তীরে অবস্থিত কয়েক ডজন গ্রাম বড় ধরনের বন্যার মোকাবেলা করছিল।

পূর্ব সেপিক প্রদেশের গভর্নর অ্যালান বার্ড এবিসিকে বলেন, ‘আঞ্চলিক কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে যে, ভূমিকম্পে এক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে।‘

তিনি বলেন, ‘এটি প্রদেশের বেশিরভাগ অংশকে ক্ষতিগ্রস্ত করেছে, যা ইতিমধ্যে বন্যার কারণে চাপের মধ্যে ছিল।‘

তিনি আরও বলেন, "বন্যা ৮০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এলাকা জুড়ে এবং সেপিক নদীর ধারে প্রায় ৬০-৭০ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।‘

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়ায় সুনামির কোনো আশঙ্কা নেই।

পাপুয়া নিউগিনিতে প্রায়শই ভূমিকম্পের ঘটনা ঘটে। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে এই অঞ্চলে ভূমিকম্প সাধারণ ঘটনা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত