চীনে এক বছরে ৭০ লাখ ৬৮ হাজার বিয়ে

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১০:৫৭ পিএম

চীনে ২০২৩ সালে ৭০ লাখ ৬৮ হাজার বিয়ে হয়েছে, যা গত ১০ বছরে সর্বোচ্চ বিয়ের রেকর্ড। এমনকি ২০২২ সালে চীনে যত বিয়ে হয়েছে, তার চেয়ে ১২.৪ শতাংশ বেশি বিয়ে হয়েছে ২০২৩ সালে। গতকাল রবিবার চীনের সরকারি পরিসংখ্যান বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন গত কয়েক বছর ধরে নিম্ন জন্মহার সমস্যায় ভুগছে। এতে একদিকে যেমন বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, অন্যদিকে কমছে কর্মক্ষম মানুষের সংখ্যা। আর এই সংকটের জন্য ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একটি পুরনো নীতিকে  অনেকাংশে দায়ী করা হয়।

জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে আশির দশকে বিতর্কিত ‘এক সন্তান নীতি’ গ্রহণ করে চীন সরকার। বছরের পর বছর এই নীতি জারি রাখায় জনসংখ্যা নিয়ন্ত্রণে সুফল মিললেও উৎপাদন এবং কর্মক্ষেত্রে জনবল সংকট তীব্র হয়ে উঠতে থাকে। ২০১৫ সালে বিতর্কিত সেই নীতি বাতিল করে বেইজিং।

তারপরও কাঙ্ক্ষিত পর্যায়ে জন্মহার না বাড়ায় ২০২১ সালে তরুণ প্রজন্মকে বিয়ের প্রতি উৎসাহিত করতে শুরু করে দেশটির সরকার, ঘোষণা করে আর্থিক প্রণোদনাও। এর প্রভাবে ২০২২ সাল থেকে চীনে বিয়ের হার বাড়তে শুরু করে। সে বছর চীনে ৮ লাখ ৪৫ হাজার বিয়ে হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত