ক্রিকেটারদের 'মানসিকতা, মনোভাব ছিল জঘন্য, বিচ্ছিরি'

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৫:৪৯ পিএম

দেশের মাঠে সাধারণত যে ধরনের উইকেটে খেলে থাকে বাংলাদেশ, এবার সিলেটের পিচও সেদিক থেকে ছিল ব্যতিক্রম। উইকেটে ছিল ঘাসের ছোঁয়া, পেসারদের জন্য ছিল সহায়তা। নিজেরা এই ধরনের উইকেট বেছে নিলেও তাতে মানিয়ে নিতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের খেলার ধরন, ব্যাটসম্যানদের শট নির্বাচন ও মানসিকতা নিয়ে ক্রিকেটারদের স্রেফ ধুয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যিনি আবার বেশি হতাশ হয়েছেন লিটন দাসের ব্যাটিং দেখে।

বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি লিটন দাস। রং বদলায়নি দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও। ফলস্বরুপ জায়গায় হারিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দল থেকে। আবার টেস্ট সিরিজে দলে থাকলেও প্রথম টেস্টে হয়েছেন চূড়ান্ত ব্যর্থ।  প্রথম ইনিংসে ২৫ রানের পর দ্বিতীয় ইনিংসে বিচ্ছিরি রকমের আউটে শূন্য রানে ফিরেছেন।

দ্বিতীয় ইনিংসে পাহাড়সম রান তাড়ায় দল যখন ৩৭ রানে ৪ উইকেটে হারিয়ে বিপদে, তখন লিটনের মতো অভিজ্ঞ ব্যাটারের ক্রিজ ছেড়ে পুল করতে গিয়ে আউট হওয়াটাও মানতে পারছেন না কেউই। লিটনের এমন আউটের পর থেকে শুরু হয়েছে চারদিকে সমালোচনার ঝড়।

এবার লিটনকে নিয়ে কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুরে আজ গণমাধ্যমের  মুখোমুখি হন তিনি। এ সময় লিটন প্রসঙ্গে শুরুতেই ক্রীড়ামন্ত্রী বলেন, ‘বিশ্বকাপ থেকেই ওকে দেখতেছি। মনে হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং। এজন্যই তাকে কিন্তু ওয়ানডে থেকেও ড্রপ করেছি। চিন্তা করে দেখেন ওর মতো একজন ওপেনার এত বছর ধরে যাকে আমরা খেলিয়েছে যার ওপর আমরা ডিপেন্ড করেছি। সে পারফর্ম করেছে এমন তো না সে খেলা পারে না। কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছে তাই তাকে ওয়ানডে থেকে বাদও দিয়েছি এর থেকে বড় সিগন্যাল কিছু তো হতে পারে না।’

দলের পরাজয় নিয়ে তার দুর্ভাবনার জায়গা খুব একটা নেই জানিয়ে বলেন, ‘সবার কাছে যেমন লেগেছে, আমার কাছেও তেমনই। ভালো লাগার কোনো কারণ নেই অবশ্যই। হারা-জেতা নিয়ে আমার অতটা ভাবনা নেই। দ্বিতীয়ত, উইকেট। পুরো অন্য ধরনের উইকেটে আমরা এখন খেলার চেষ্টা করছি। যারা খেলছে, তাদের জন্য নতুন অভিজ্ঞতা। পরের ধাপে যাওয়ার জন্য যা যা করা দরকার, আমরা করছি। কাজেই হারা-জেতাটা গুরুত্বপূর্ণ নয়। কী হয়েছে, সেটা নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। এটা যে একেবারেই অপ্রত্যাশিত ছিল, তাও নয়। টেস্টে শ্রীলঙ্কার সঙ্গে জিতবই, ওরকম আত্মবিশ্বাস ছিল, এটা বলা ঠিক হবে না।’

বিসিবি সভাপতির আপত্তি দলের খেলার ধরন নিয়ে, ‘সমস্যা এখানে হারা নিয়ে নয়। যেভাবে তারা খেলেছে, তাদের এই মানসিকতা, মনোভাব, শট সিলেকশন এটা জঘন্য। বিচ্ছিরি ছিল দেখতে। মনে হয়েছে তারা খেলতে চায় না এই ফরম্যাটটা। অথবা অন্য কোনো সমস্যা। যেন জোর করে খেলানো হয়ে তাদের। এরা কেউ বাচ্চা ছেলে নয় যে হঠাৎ করে আজকে মাঠে নেমেছে এবং এসব বলে দিতে হবে। তারা প্রত্যেকে জানে। এসব নিয়েই আমাদের মন খারাপ হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত