বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল হাওলাদার (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের ভরপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের ভরপাশা গ্রামের মৃত ইউনুচ হাওলাদারের ছেলে।
ঘটনার সূত্রে জানা গেছে, ভরপাশা গ্রামের সহিদ নামের এক গাছ ব্যবসায়ীর সঙ্গে শ্রমিক রাসেল গাছ কাটার উদ্দেশ্যে ঘটনাস্থলে যান। গাছ কাটতে গেলে পাশের ঘরের বৈদ্যুতিক লাইনের মিটারের সংযোগ লাইনের ওপর গাছটি পড়তে পারে ভেবে বৈদ্যুতিক খুঁটির ওপর উঠে বিদ্যুতের লাইন কাটতে যান তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
নিহত রাসেলের চাচা তাজেম হাওলাদার জানান, গাছ ব্যবসায়ী সহিদের সঙ্গে গাছ কাটতে গিয়েছিল রাসেল। তাকে বৈদ্যুতিক খুঁটিতে না উঠালে রাসেল মারা যেত না। আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেয়ে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেব।
শ্রীপুরে পুলিশকে কোপানো ডাকাত দলের আরও দুই সদস্য গ্রেপ্তার