রিয়ালে আসার আগে আজ বার্নাব্যুতে 'অভিষেক' এনদ্রিকের

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৮:০৭ পিএম

প্রীতি ম্যাচে আজ রাতে ব্রাজিল মুখোমুখি হবে স্পেনের। প্রীতি ম্যাচ হলেও ফুটবল ভক্তদের মাঝে কাজ করছে বাড়তি উম্মদনা। একে তো ইউরোপ বনাম লাতিন আমেরিকার ম্যাচ। এই দুটি দেশ মুখোমুখি হচ্ছে এগারো বছর পর।

এর আগে সবশেষ ব্রাজিল ও স্পেন মুখোমুখি হয়েছিল ২০১৩ কনফেডারেশন কাপের ফাইনালে। ওই ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছিল স্পেনকে।

আজ বাংলাদেশ সময় রাত আড়াইটায় শুরু হবে খেলা। বিপরীত অভিজ্ঞতা নিয়ে ম্যাচটি খেলতে নামবে দুই দল। এবারের ফিফা উইন্ডোতে প্রথম ম্যাচে ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ১৭ বছর বয়সী এনদ্রিকের গোলে জেতে সেলেসাওরা। অন্যদিকে ঘরের মাঠে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারে স্পেন।

স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ব্রাজিলের সংবাদ সম্মেলনে আগ্রহের কেন্দ্রে ছিলেন এনদ্রিক। স্পেন-ব্রাজিল ম্যাচটি রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। পালমেইরাসে খেলা এই ব্রাজিলিয়ানের বয়স ১৮ পূর্ণ হলে খেলবেন রিয়াল মাদ্রিদেই। পালমেইরাসের সঙ্গে চুক্তি সেরে রেখেছে রিয়াল।

লস ব্লাঙ্কোসদের হয়ে মাঠ মাতানোর আগেই রিয়াল ভক্তরা আজ সুযোগ পাবেন বার্নাব্যুতে এনদ্রিক ঝলক দেখার। আগের ম্যাচে এনদ্রিক নেমেছিলেন বদলি হিসেবে। আজ শুরুর একাদশে থাকতে পারেন। সেটি না হলে বদলি হিসেবেই দেখা যেতে পারে এনদ্রিককে। ব্রাজিল কোচ দরিভাল বলেন, 'রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য অনেক আনন্দ বয়ে আনবে এন্দ্রিক, এটা নিয়ে কোনো সংশয় নেই আমার। তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং বয়সের তুলনায় অসাধারণভাবে পরিণত হয়ে উঠছে সে।'

ব্রাজিলে প্রতিভা যুগে যুগে এসেছে। তাদের বেশির ভাগই হারিয়ে গেছেন সময়ের স্রোতে। এনদ্রিককে নিয়ে তাই খুবই সতর্ক দরিভাল। 'আমাদেরকে সাবধানী হতে হবে। ধাপে ধাপে এগোতে হবে যেন সে উন্নতি করে। মাত্রই ক্যারিয়ার শুরু করেছে, এখনই তার ওপর অনেক প্রত্যাশা চাপিয়ে দেওয়া যাবে না। তার জন্য পরবর্তী পদক্ষেপগুলো হবে খুবই গুরুত্বপূর্ণ এবং তার মতো প্রতিভাকে বিশেষভাবে যত্ন নিতে হবে। তার সামনে দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে।'

স্পেন–ব্রাজিল ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়দের জার্সি বিনিময়।

স্প্যানিশদের বিপক্ষে ৯ ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে ব্রাজিল, ড্র করেছে দুটিতে। স্প্যানিশদের দুই জয়ের সবশেষটি ১৯৯০ সালে। প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছিল স্পেন। ব্রাজিলের বিপক্ষে শেষ ছয় ম্যাচের মধ্যে ওই একবারই গোলের দেখা পেয়েছে স্প্যানিশরা। তারও আগে স্পেন ব্রাজিলকে হারিয়েছিল ১৯৩৪ সালে।

স্প্যানিশ কোচ দে ফুয়েন্তে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিকে মনে করছেন বিশ্বকাপের সেমিফাইনালের মতো। এই ম্যাচে জিতবে কোন দল, ব্রাজিল না স্পেন। ফুটবলের তথ্য-পরিসংখ্যান বিশ্লেষণী প্রতিষ্ঠান অপ্টা'র সুপার কম্পিউটার এ ম্যাচে ফেবারিট হিসেবে দেখিয়েছে স্পেনকে। সুপার কম্পিউটারের হিসাবে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৩.৯%, ব্রাজিলের সম্ভাবনা ২৭%।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত