নৌকা-ঈগলের রেশ কাটেনি এখনও!

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৮:৪৮ পিএম

জাতীয় সংসদ নির্বাচনের দুই মাস পার হলেও বাগেরহাটের মোংলায় সহিংসতার রেশ কাটেনি এখনও। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক চিলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হালিম হাওলাদারের নেতৃত্বে রবিবার (২৫ মার্চ) নৌকা প্রতীকের সমর্থকের ওপর হামলা হয়েছে। হামলা থেকে রেহাই পায়নি ৮ বছরের শিশুও। এ ঘটনায় হালিম হাওলাদারসহ ৪ জনকে আসামি করে মোংলা থানায় এজাহার দায়ের হয়েছে।

এজাহার দায়েরকারী বেল্লাল সরদার বলেন, ২৫ মার্চ সন্ধ্যায় তার ৮ বছরের সন্তানকে নিয়ে ঈদের জামা কিনতে জামাই সাইদুল ও চাচাতো ভাই আলামিন মোংলা যাচ্ছিলেন। কিন্তু পূর্ব শত্রুতার জেরে চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকার তালতলা গ্রামে আগে থেকে ওঁৎ পেতে থাকা সাবেক ইউপি সদস্য হালিম, তার বড় ভাই সাত্তার, ছেলে সোহাগ ও সোহেলসহ অজ্ঞাত কয়েকজন মিলে তাদের কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এজাহারের সত্যতা স্বীকার করে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, এজাহারের তদন্ত চলছে। তদন্ত শেষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত