ভাইকে জড়িয়ে ধরতে মরিয়া এনদ্রিক, তার অপেক্ষায় রিয়াল

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৪:০৯ পিএম

বয়স মাত্র ১৭। আন্তর্জাতিক ফুটবলেও অভিষেক হয়েছে সেদিন। এরই মাঝে নিজের জাত চিনিয়ে ফেলেছেন এনদ্রিক। সাড়া ফেলে দিয়েছেন গোটা ইউরোপে। কাল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলেন নিজের প্রথম ম্যাচ। এই মাঠের অভিষেকে স্পেনের জালে বল জড়িয়ে গোল করে রাঙিয়েছেন। গোলটাও ছিল অসাধারণ এক ভলিতে। যার স্বাক্ষী হয়েছেন তার বাবা ও প্রেমিকা।

আগামী জুলাইতে এনদ্রিকে যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। আর তাই বার্নাব্যু হবে তার ঘরের মাঠ। সেই মাঠে গোল করে তাই আরও একবার ইউরোপে সাড়া ফেলেছেন।

তার অমন পারফরম্যান্স দেখে কো দরিভাল তো বলেই দিয়েছেন, 'পূর্ণ বিকাশ ঘটালে সে গ্রেটদের কাতারে নাম লেখাবে।' 

সেই পূর্ণ বিকাশের জন্য আপাতত তাই অপেক্ষা করতেই হচ্ছে। অপেক্ষায় রিয়ালও। এনদ্রিকের বয়স ১৮ হওয়ার পর-ই যে তাকে তারা খেলাতে পারবে। চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা আগেই সেরে রেখেছে রিয়াল। স্পেন-ব্রাজিল ম্যাচ শেষে বার্নাব্যুতে ব্রাজিলের ড্রেসিংরুমে ঢুকে এনদ্রিককে সে কথাই বলেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। 

ভিনিসিয়ুস ও রদ্রিগোর সামনে এনদ্রিকের কাঁধে হাত রেখে পেরেজ বলেছেন, ‘আমরা তোমার অপেক্ষায় আছি।’

আর এনদ্রিক? যাকে ঘিরে এত আলোচনা, এত কথা, তার-ও তো নিশ্চয়ই কিছু বলার আছে! ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ তার মন্তব্য প্রকাশ করেছে। ম্যাচ শেষে এনদ্রিকের বলা কথাগুলো শুনলে মনে হয়, বাবা-মা ও ভাই—অর্থাৎ পরিবার এখনো ১৭ বছর বয়সী ছেলেটির গোটা জগৎ-সংসার! 

এনদ্রিকের মুখেই শুনুন, ‘ম্যাচ শেষে পরিবারের সঙ্গে দেখা করেছি। কারণ যখন ভালো অবস্থায় ছিলাম না, সবাই সমালোচনা করছিল, তখন শুধু তারাই আমার পাশে ছিল। তাদের আমি সব সময়ই ধন্যবাদ জানাই এবং সৃষ্টিকর্তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। তিনি ছাড়া আমি কিছুই না।’

এনদ্রিক তার ভাই নোয়াকেও স্মরণ করেছেন, ‘ভাই আমাকে আবারও এক মিলিয়ন গোল করার কথা বলেছে (হাসি)। একটি গোল অন্তত করতে পেরেছি এবং ব্রাজিলে ফিরতে আর দেরি সইছে না। তাকে জড়িয়ে ধরতে চাই।’ 

বার্নাব্যুর রিয়াল-ভক্তরাও মনে মনে জড়িয়ে ধরেছেন এনদ্রিককে। সেটি আন্দাজ করে নেওয়া যায়, রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা যে অঞ্চলে (কাতালুনিয়া) অবস্থিত, সেখানকার সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ এর লেখায়, ‘বার্নাব্যুকে পকেটে পুরেছেন এনদ্রিক।’

খেলা নিয়ে এনদ্রিক বলেন, 'আমরা সবসময়ই জিততে চাই। আমরা ব্রাজিলম নিজেদের ঐত্যিহকে সম্মান করার জন্য হলেও সবসময় জেতা প্রয়োজন আমাদের।' তিনি বলেন, 'আমরা এমন প্রতিশ্রুতি দিতে পারছি না যে সব ম্যাচেই জিতব। তবে আমাদের নিবেদন, চেষ্টা, প্রতিজ্ঞা ও দৃঢ়তায় কখনও কোনো ঘাটতি থাকবে না। কোনো কিছুরই ঘাটতি রাখতে চাই না আমরা।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত