চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৪৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ২০১৫ সালের ৫ জানুয়ারি পুলিশের সাথে সংগঠনটির নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় বুধবার (২৭ মার্চ) চট্টগ্রামের ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সামশুল আরেফীনের আদালত এই অভিযোগ গঠন করেন।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী মফিজুল হক জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি নগরের নুর আহমদ সড়কের বিএনপির মহানগর কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বেশ কিছু যানবাহনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩৮৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। তদন্ত শেষে ২০১৭ সালের ২৭ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে আরও ৭৬ জনকে অভিযোগপত্রে অর্ন্তভুক্ত করা হয়। এ সময় মামলার এজাহার থেকে বাদ দেওয়া হয় ১২ জনকে।
আসামিপক্ষের আইনজীবী মফিজুল হক আরও জানান, বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল আজ (বুধবার)। মামলা থেকে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ ৪৫৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন। আগামী জুনে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
