পাকিস্তানে চীনা প্রকৌশলীদের ওপর হামলা, কঠোর শাস্তি চায় বেইজিং

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৮:৩৭ পিএম

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পাচঁ চীনা প্রকৌশলীসহ ছয়জন নিহত হওয়ার ঘটনায় ‘তীব্র নিন্দা’ জানিয়েছে বেইজিং। এই হামলায় জড়িত ‘সন্ত্রাসী’দের কঠোর শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাস। 

দাসু হাইড্রোপাওয়ার প্রজেক্টের স্টাফদের ওপর আত্মঘাতী হামলার কড়া নিন্দা জানিয়ে মঙ্গলবার পাকিস্তানের প্রতি এ হামলায় জড়িত ‘সন্ত্রাসী’দের কঠোর শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছে চীন। নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাস।

জিও নিউজ জানিয়েছে, বুধবার  (২৭ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে এক জরুরি বৈঠকে অংশ নেন  সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মুনির। তিনি প্রত্যেক বিদেশি নাগরিক, বিশেষ করে চীনাদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী কাজ করবে বলে জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার খাইবারপাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলার বিশাম তহসিলে আত্মঘাতী বোমা হামলায় এক পাকিস্তানিসহ পাচঁ চীনা প্রকৌশলী নিহত হয়। 

পুলিশ জানায়, ইসলামাবাদ থেকে চীনা প্রকৌশলীরা দাসুতে একটি প্রকল্প পরিদর্শনে যাচ্ছিলেন। সেখানে তাদের গাড়িতে অন্য একটি বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা মারে। এর ফলে যাত্রীবাহী গাড়িটি খাদে পড়ে যায়। এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় নেয়নি। হামলায় গাড়ির চালক আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

পাকিস্তানে এ ধরনের হামলার ঘটনা নতুন নয়। সেখানে চীনা নাগরিক, বিশেষ করে প্রকৌশলীদের ওপর হামলার একাধিক ঘটনা ঘটেছে। গত বছর বেলুচিস্তানে জঙ্গি হামলায় নিহত হয় তিন চীনা নাগরিক। ওই ঘটনায় দুই সন্ত্রাসী এবং এক সেনা কর্মকর্তাও প্রাণ হারান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত