প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বিরোধীদলীয় নেতার প্রশ্ন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ এএম

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান রানাকে দেখতে গেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রানার চিকিৎসার খোঁজখবর নেন এবং হামলার ঘটনায় নিন্দা জানান। রানার ওপর হামলার ঘটনায় মামলা নিয়ে টালবাহানার অভিযোগ করে জামায়াত আমির বলেন, ‘প্রশাসন আসলে কার পক্ষে দুষ্টের পক্ষে, নাকি শিষ্টের পক্ষে?’ তিনি অবিলম্বে হামলাকারী ও তাদের মদদদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজের খেলার মাঠে দীর্ঘদিন ধরে একদল মাদকসেবী ও মাদক কারবারি আড্ডা দিয়ে আসছিল। তারা সেখানে নানা অপকর্মে জড়িত ছিল। সম্প্রতি রানা কয়েক দফায় তাদের ওই মাঠে উৎপাত না করতে সতর্ক করেন। এর জেরে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তার বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, তারা সরাসরি কোনো দলের নেতাকর্মী না হলেও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এসব অপকর্ম করে আসছে। হামলার পর থানায় মামলা গ্রহণ নিয়ে হয়রানির অভিযোগও করেন ডা. শফিকুর রহমান। এ বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কার্যকর অগ্রগতি পাননি।

এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান অভিযোগ করেন, হামলায় জড়িত সন্দেহে ১২ জনের নাম উল্লেখ করে এজাহার দেওয়া হলেও কটিয়াদী থানার ওসি তাদের নাম বাদ দিয়ে অজ্ঞাতনামা আসামি করার জন্য চাপ দিচ্ছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত