বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তৃতীয় দফায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামিকে তিন দিনের রিমান্ড শেষে পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ হত্যাকা-ের সঙ্গে সরাসরি জড়িত বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মূল রহস্য উদ্ঘাটনসহ হত্যাকা-ের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য সাত দিনের রিমান্ডের প্রয়োজন।
দীপকে ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থেকে পিবিআই গ্রেপ্তার করে। ৩০ অক্টোবর রাতে তাহসিফের বাবা মামলা করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয় এবং ৩১ অক্টোবর দীপকে চার দিনের রিমান্ডে নেয় নৌ-পুলিশ। মামলার অভিযোগ অনুযায়ী, ২৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ‘দীপের ডাকে’ তাহসিফ বাসার নিচে নামেন এবং নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হন। রেস্তোরাঁয় রাতে একসঙ্গে দীপ, তাহসিফ ও জেরিকা তাসনিম দিশা খাবার খান। পরে উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে তাহসিফের কাছ থেকে দীপ আলাদা হয়ে যান।