নিয়োগে অনিয়মের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সংস্থার রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলাম মামলাটি করেছেন।
রুয়েটের সাবেক ভিসি মো. রফিকুল ইসলাম সেখ বর্তমানে ইলেকট্রিক্যাল বিভাগের অধ্যাপক। আর সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সেলিম হোসেন বর্তমানে ইইই বিভাগের অধ্যাপক।
সম্প্রতি কমিশন তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশের ভিত্তিতে দুদক অনুসন্ধানে নেমেছিল। ইউজিসিই প্রথমে তদন্তে এ অনিয়ম পায়।
দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ছয়জন সেকশন অফিসারের পরিবর্তে ১৩ জনকে নিয়োগ, জুনিয়র সেকশন অফিসার পদে নিয়োগের অনুমোদন ও শূন্য পদ না থাকা সত্তে¡ও সহকারী লাইব্রেরিয়ান পদের বিপরীতে জুনিয়র সেকশন অফিসার পদে নিয়োগ ও পিএ টু ভিসি/ডিরেকটর পদে দুজনকে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া ডেটা এন্ট্রি অপারেটর পদে একজনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়ে দুজনকে নিয়োগ, মালি পদে তিনজনকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে সাতজনকে নিয়োগ, ড্রাইভার পদে একজনের জায়গায় তিনজনকে নিয়োগ ও সহকারী কুক পদে তিনজনের স্থলে পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়। দুদক সূত্রে জানা যায়, ২০১৯ সালের মে মাসে ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অতিরিক্ত নিয়োগপ্রাপ্ত ১৭ জনের ২০২১ সালের জুন মাস থেকে গত বছর আগস্ট পর্যন্ত বেতন ভাতাদি বাবদ সরকারের ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ১০৯ টাকা আর্থিক ক্ষতি হয়েছে। তাই দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে দÐবিধি ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলাটি করেন।
