আইএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১২:১৮ পিএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজন হয়।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শন ছিল শোষণমুক্ত সমাজ গড়া। তার ঐতিহাসিক ভাষণ ও বলিষ্ঠ নেতৃত্ব আমাদের এই অর্জিত স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। সুদৃঢ় নেতৃত্বের কারণেই তিনি জনমানুষের হৃদয়ের নেতা হয়েছেন। তার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে কাজ করতে হবে।

বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদরা মৃত্যুর যন্ত্রণা তিলে তিলে ভোগ করে আমাদের স্বাধীনতার মধুর স্বাদ এনে দিয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নগুলো বাস্তবায়নে দেশের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেম থাকতে হবে। বিশ্বের যে প্রান্তেই থাকি না কেন দেশের জন্য কাজ করতে হবে।

তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে আইএসইউ এর শিক্ষার্থী আতিকা নওশীন বলেন, বঙ্গবন্ধুর আপসহীন নেতৃত্বে, তারুণ্যের শক্তিতে ভর করে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, এই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশকে নিয়ে যেতে হবে উন্নত দেশের কাতারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী।

জ্যেষ্ঠ প্রভাষক সুলতানা মুশফিকা রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আইএসইউ ইংরেজি বিভাগের উপদেষ্টা প্রফেসর মো. আসাদ উল্লাহ-আল-হোসেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আবুল কালাম আজাদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন ড. মোহাম্মদ কামরুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত