টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে বিল্লাল চৌধুরী (৬০) নামের এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল চৌধুরী (৬০) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, পৌরসভার বাইমহাটি এলাকায় তার কর্মস্থল থেকে রশিদ দেওহাটা গ্রামে বোনের বাড়ি হেঁটে যাচ্ছিলেন তিনি। পথে বাওয়ার কুমারজানী পূর্বপাড়া পৌঁছলে সৈয়দপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছিল। তবে স্বজনরা আগেই মরদেহ নিয়ে গেছেন।
