পার্পল ক্যাপ পরে খেলতে দারুণ লাগে মোস্তাফিজের

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৮:৩৮ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আসরের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার পার্পল ক্যাপ পরে খেলেন। সর্বোচ্চ উইকেট শিকারির বিশেষ এই ক্যাপের মালিক এখন চেন্নাই সুপার কিংসে খেলা মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই পেসার নিজের কাছে পার্পল ক্যাপ রাখতে পেরে উচ্ছ্বসিত।

এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে মোস্তাফিজ নিয়েছেন ৬ উইকেট। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।

পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেন। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন ফিজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পার্পল ক্যাপ নিয়ে মোস্তাফিজ লিখেছেন, 'পার্পল ক্যাপ পরে খেলতে সত্যিই দারুণ লাগে। সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত। এটা একটা বিশেষ অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা লম্বা সময় নিজের কাছে ধরে রাখবো। আপনাদের সমর্থন ও ভালবাসার জন্য ধন্যবাদ, চির কৃতজ্ঞ।'

মোস্তাফিজ তার লেখার সঙ্গে জুড়ে দেন পার্পল ক্যাপ পরা নিজের একটি ছবিও।

আইপিএল আসর শেষে যার নামের পাশে সর্বোচ্চ উইকেট থাকবে, তিনিই জিতবেন বিশেষ এই ক্যাপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত