মোহামেডান ৩-২ মেরিনার ইয়ংস
মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হেরে মসনদ নড়বড়ে হয়ে গেছে মেরিনার ইয়ংস ক্লাবের। সোমবার গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা মোহামেডানের কাছে হেরেছে ৩-২ ব্যবধানে। আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বারবার ম্যাচটাকে বিলম্বিত করে দুই দল। মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে বেলা তিনটার পর শুরু হওয়া ম্যাচ শেষ হয়েছে সাড়ে পাঁচটার কিছু পরে। বিলম্বিত ও গোলমেলে এই ম্যাচটা জিতে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে মোহামেডান।
শিরোপা লড়াইয়ে থাকা চার দলই খেলে ফেলেছে ৯টি করে ম্যাচ। ২৫ ম্যাচ নিয়ে সবার উপরে আবাহনী। মোহামেডান ২৩ পয়েন্ট নিয়ে ঊষা ক্রীড়া চক্রকে পেছনে ফেলে উঠে এসেছে দুইয়ে। ঊষার সংগ্রহ ২২। আর সুপার সিক্সের আগেই লিগ টেবিলে অনেকটাই পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার। ৯ ম্যাচে ৬ জয়, ২ হার ও ১ ড্রয়ে ১৯ পয়েন্টে তারা আছে চারে। প্রথমপর্বের শেষ ম্যাচে ক্লাব কাপজয়ী মেরিনারের প্রতিপক্ষ শীর্ষে থাকা আবাহনীর। সেই ম্যাচটা জিতলে তারা ফিরতে পারবে শিরোপা লড়াইয়ে। নইলে এতটা ব্যবধান ঘুঁচিয়ে সুপার সিক্সে শিরোপা পুনরুদ্ধার অনেকটাই অনিশ্চিত তাদের।
ম্যাচের প্রথম কোয়ার্টারে এগিয়ে যায় মোহামেডান। ১১ মিনিটে দ্বীন ইসলাম ইমনের অসাধারণ ফিল্ড গোলে লিড নেয় আগের ম্যাচে আবাহনীর সঙ্গে ১-১-এ ড্র করা মোহামেডান। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য মেরিনার ম্যাচে ফিরেছে। ২৭ মিনিটে অধিনায়ক ফজলে হোসেন রাব্বির ফিল্ড গোলে ফিরে সমতা। তৃতীয় কোয়ার্টারের মেরিনার ম্যাচে লিড নিয়েছিল। ৩৯ মিনিটে আবেদ উদ্দিন গোল করেন। যদিও ৪২ মিনিটে মালয়েশিয়ান ফাইজাল বিন সারির ফিল্ড গোলে সমতায় ফিরে মোহামেডান। ৫৪ মিনিটে পিসি থেকে আমিরুল ইসলামের গোলে মোহামেডানের জয় নিশ্চিত হয়।
ম্যাচের ঘটনাবহূল শেষ কোয়ার্টার শেষ হতে লেগেছে ৫৫ মিনিট। বারবার বন্ধ হলেও এই ম্যাচটায় লড়াইয়ের ঝাঁঝ ছিল পরতে পরতে। শেষ পর্যন্ত এই লড়াই জিতে শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে মোহামেডান। ৩ এপ্রিল তারা প্রথমপর্বের শেষ ম্যাচটি খেলবে দুর্বল বাংলাদেশ এসসির সঙ্গে।
