শফিক তুহিন কণ্ঠশিল্পী হিসেবেই পরিচিত। ‘এর বেশি ভালোবাসা যায় না’ দিয়ে দেশব্যাপী নিজেকে চিনিয়েছেন। কিন্তু আলোচিত গায়কের নেপথ্যের বড় পরিচয় তিনি একজন গীতিকার ও সুরকার। ২০০৪ সালে জেমস ও হাসানকে নিয়ে করা দ্বৈত অ্যালবাম ‘সারেগামা’ তুমুল জনপ্রিয়তা পায়। এই অ্যালবামের সবগুলো গানই লিখেছিলেন তিনি।
এরপর আরও অনেক মাইলফলক কাজ করলেও এবার একেবারে ভিন্ন ধরনের কাজ করে ফেললেন। বাংলাদেশ টেলিভিশনে ঈদের বিশেষ অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত এবং নজরুল সংগীতের দেশবরেণ্য কিংবদন্তি শিল্পীদের নিয়ে একটি মৌলিক গানের আয়োজন থাকছে। ‘তারায় তারায়’ শিরোনামে এ অনুষ্ঠানে প্রত্যেকটি শিল্পী একটি করে নতুন গান গেয়েছেন। এই গানগুলোর কথা ও সুর করেছেন শফিক তুহিন।
শফিক তুহিনের কথায় রেজওয়ানা চৌধুরী বন্যা গেয়েছেন ‘বাঁচতে শিখি চল’ ফাতেমাতুজ জোহরা ‘রঙিন চিঠি’, খাইরুল আনাম শাকিল ‘মেঘ ছুঁয়ে জল’,
অদিতি মহসিন ‘মন পলাতক’, ফাহিম হোসেন চৌধুরী ‘তুমি জানবে না কোনোদিন’, শেখ জসিম ‘অভিমান।’
এ বিষয়ে শফিক তুহিন দেশ রূপান্তরকে বলেন, এটা আমার জন্য অনেক বড় কাজ। দেশবরেণ্য কিংবদন্তিতুল্য ছয়জন শিল্পী আমার কথায় ও সুরে গাইছেন এটা অনেক বড় বিষয়। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আমি অনেক যতœ নিয়ে এই ছয়টি গান করেছি। প্রত্যেকটি গানে রয়েছে বৈচিত্র্য। সবার ভালো লাগবে গানগুলো।
