স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাংক ডাকাতিতে কুকি-চিন সম্পৃক্ত, টাকার অঙ্ক জানা নেই

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৩:২৯ পিএম

বান্দরবানের ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি-চিনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, 'এই কুকি-চিন সম্প্রতি বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছিল। এই গ্রুপটি আগেও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আঁতাত করে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল। র‌্যাব ও আর্মি সেই ঘাঁটি সরিয়ে দিয়েছিল।'

আজ বুধবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সোনালী ব্যাংকে ঢোকার আগে তারা বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দেয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার সময় মানুষ তারাবিহতে ছিল। পুলিশের দুই সদস্যকে আহত করে দুটি এসএমজি ও আটটি চাইনিজ রাইফেল লুট করে ডাকাত দল। উপজেলা কমপ্লেক্সে আনসার বাহিনী যারা ছিল, তাদের শটগানও তারা লুট করে নিয়েছে।'

সোনালী ব্যাংক থেকে কত টাকা নিয়েছে তা এখনও জানা যায়নি উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, 'কত টাকা নিয়ে গেছেন সেই তথ্য আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে আসেনি। ম্যানেজারকে জিম্মি করে নিয়ে গেছে তারা। তাকে উদ্ধারে কাজ চলছে।'

আজ দুপুরে থানচিতে দুটি ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আজকে দিনের বেলায় আমরা আবার দেখলাম, থানচিতে তারা সোনালী ও কৃষি ব্যাংকে অ্যাটাক করেছে। এই অপারেশনটা এখনো চলছে। পুরো তথ্য আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে আসেনি। এই মুহূর্তে আমরা বলতে পারব না যে কত টাকা নিয়েছেন বা ক্ষয়ক্ষতি কী হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত