ফেনীতে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ২

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১২:৫৫ পিএম

ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ঝরে গেল দুটি তাজা প্রাণ।

আজ শুক্রবার (০৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফাজিলপুর তদন্তকেন্দ্রের এএসআই মো. রায়হান।

স্থানীয়রা অভিযোগ করেন, ট্রেন চলাচলের সময় গেট না ফেলার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. মিজান (৩২) তিনি বরিশালের উজিরপুর কাউয়ারাহা গ্রামের আবুল হাওলাদারের ছেলে। অপর জনের নাম-পরিচয় জানা যায়নি। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. জাকির হাসান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নম্বর রেলগেটে সকাল সাড়ে ৮টার দিকে গেটম্যান দায়িত্বরত অবস্থায় ছিল না। এসময়  চট্টগ্রামগামী মেইল ট্রেন অতিক্রম করার সময় গেট ব্যারিয়ার দাঁড়ানো অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়। পরে খবর পেয়ে রেললাইনের ওপর পড়ে থাকা দুর্ঘটনাকবলিত ট্রাক ও লাশ সরিয়ে নেন রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর ছাগলনাইয়া থানার পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছে।

পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, বালুবাহী ট্রাক রেল ক্রসিং করার সময় ট্রাকের পেছনের অংশে লেগে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত