শিরোপা জয়ের কাছাকাছি থেকেও সতর্ক আলোনসো

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ পিএম

স্বপ্নের মতো মৌসুম কাটছে বায়ার লেভারকুসেনের। প্রথমবারের মতো বুন্দেসলিগা জয়ের খুব কাছে তারা। তবে এখনই উদযাপন করতে চান না লেভারকুসেন কোচ জাবি আলোনসো। সামনের পথচলায় যেকোনো কিছু ঘটার সম্ভাবনাকে মাথায় রেখে দলের খেলোয়াড় ও সমর্থকদের সতর্ক করেছেন।

বুন্দেসলিগায় এখন পর্যন্ত খেলা ২৭ ম্যাচেই অপরাজিত লেভারকুসেন। ৭৩ পয়েন্টে আছে শীর্ষে। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৬০। দুই দলেরই আগামীকাল ম্যাচ আছে লিগে। একই সময়ে (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) হেইডেনহেইমের বিপক্ষে খেলবে বায়ার্ন। আর ইউনিয়ন বার্লিনের বিপক্ষে খেলবে লেভারকুসেন।

শিরোপার দৌড়ে ১৩ পয়েন্টে এগিয়ে থাকলেও সবাইকে মাটিতে পা রাখতে বলেছেন কোচ আলোনসো। 'আমাদের মনোযোগ বুন্দেসলিগায়। আমাদের শিরোপা জেতার ভালো সুযোগ আছে, তবে এখনও সাতটি ম্যাচ বাকি। সেরা দল নিয়ে বার্লিনে যাব এবং আশা করছি, এমন পদক্ষেপ নিতে পারব যা আমাদের শিরোপা জয়ের কাছাকাছি নিয়ে যাবে। আমরা এমন একটি অবস্থানে আছি যেখানে আমরা শিরোপা জিততে পারি, তবে এই লড়াই এখনও শেষ হয়নি।'

লেভারকুসেন সবশেষ কোনো শিরোপা জিতেছিল ১৯৯৩ সালে, জার্মান কাপ। ২০০০ সালে লিগ শিরোপা জয়ের কাছে গিয়েছিল তারা। কিন্তু শেষ দিনে উন্টারহাকহিংয়ের বিপক্ষে হেরে ভাঙে তাদের শিরোপা স্বপ্ন। লেভারকুসেনের হারে পয়েন্ট সমান হলে, গোল ব্যবধানে শিরোপা জেতে বায়ার্ন। আলোনসো বলেন, 'সমর্থকদের একটি বাজে স্মৃতি আছে এবং তারা ধৈর্য নিয়ে আছে। তাদের এখনও মনে আছে, উন্টারহাকহিংয়ের বিপক্ষে কি হয়েছিল। আমরা উদযাপন করতে চাই যখন উদযাপন করতে পারব। এখন উদযাপনের সময় নয়। এখনও অনেক সময় বাকি, কেবল তো এপ্রিল।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত