কেউ যাচ্ছে, কেউ যাচ্ছে না

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০২:২৭ পিএম

হাতের নাগালেই ঈদুল ফিতর। যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে মুসলমানদের এই অন্যতম ধর্মীয় উৎসবকে। আর এই উৎসবকে সামনে রেখে বাংলাদেশময় চলছে চূড়ান্ত প্রস্তুতি।

কেউ শপিংয়ে, কেউ বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আবার কেউ বা ফুটপাতে শুয়ে ভাবছেন- ঈদের দিন ভালো-মন্দ খাওয়ার কিছু জুটবে তো?

এমনই একটি ছবি আজ প্রকাশিত হয়েছে দৈনিক দেশ রূপান্তরের মূল ছবি হিসেবে। মহুবার রহমানের তোলা সেই ছবিতে ফুটে উঠেছে যাওয়া, না যাওয়া, ঈদের আনন্দ আর আনন্দহীনতার এক খণ্ডচিত্র।

ছবিটিকে দেখা যচ্ছে, ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে আছে একটি ফুটফুটে কন্যাশিশু। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ির উদ্দেশে রওনা দেওয়া সেই শিশুটি দেখাচ্ছে 'ভি' বা বিজয়চিহ্ন। আর তার পাশে প্ল্যাটফর্মে ভিন্ন চিত্র। খালি গায়ে ওই শিশুটি বা তার পরিবারের কাছে সাহায্যের জন্য হাত পেতে আছে একটি পথশিশু। বয়স হবে কম-বেশি দশ বছর।

অনিশ্চিত এই শিশুটির জীবন। অনাহার-অর্ধাহারে কাটে তার সময়-জীবন। জানে ঈদ কী, তবে ঈদের আনন্দ কী তা ঠিকঠাক জানে না। তার কাছে ঈদ মানে সামান্য কিছু ভালো খাবার বা কাগজ কুড়িয়ে পয়সা জমিয়ে কেনা একটা নতুন হাফ-প্যান্ট।

তাই কেউ যাচ্ছে ঈদ আনন্দ করতে আর কেউ থেকে যাচ্ছে এই মহানাগরিক জঞ্জালেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত