পোশাক শ্রকিদের জন্য আগামী দুই দিন আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। রবিবার (৭ এপ্রিল) দুপুরে তার নির্বাচনী এলাকা রাজবাড়ীর পাংশায় নিজ বাড়ি থেকে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন ।
রেলমন্ত্রী আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদ যাত্রা নিরাপদ এবং আনন্দের সঙ্গে তারা যাতে বাড়ি ফিরতে পারে আমরা সে ব্যবস্থা নিয়েছি। সেই সঙ্গে শ্রমিকরা যাতে ট্রেনে দাঁড়িয়ে যেতে পারেন সেজন্য স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও আলাদা বগির ব্যবস্থাও রয়েছে।
এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
