শ্রীপুরে অবৈধভাবে চিনি মজুদের দায়ে ৫ লাখ টাকা জরিমানা 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে চিনি মজুদ এবং সরবরাহ করার অপরাধে তিন ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চিনি মজুদকারীদের হামলায় শিকার হয়েছেন এক সংবাদকর্মী। 

জানা গেছে, শ্রীপুরে মাওনা চৌরাস্তার পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মাহিম এন্টারপ্রাইজ অনুমতি ছাড়াই ভারতীয় চিনি মজুদ করেছে। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিক মফিজুল ইসলাম তার মজুদ করা চিনির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ অভিযোগে ভ্রাম্যমান আদালত তাকে ২ লাখ টাকা জরিমানা করে। একই সময় অবৈধ চিনি সরবরাহকারী ওমর ফারুক ও মাসুদ রানা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ সময় তাদের ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এদিকে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম শেষ হলে স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান লিটন সংবাদ সংগ্রহের কাজ ও ছবি তুলতে গেলে চিনি মজুদদার ও সরবরাহকারীরা তার ওপর হামলা চালায়। এ সময় সে গুরুতর আহত হয়। আহত মেহেদী হাসান লিটন সময়ের আলো পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন । 

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন সাংবাদিকদের বলেন, সরবরাহকারীদের পক্ষ থেকে চিনিগুলো সিটি গ্রুপের প্যাকেটজাত পণ্য বলে দাবি করা হয়েছিল। কিন্তু এই গ্রুপ কোনো চিনি সরবরাহ করেন না বলে আমরা নিশ্চিত হয়েছি। আসলে অবৈধভাবে চিনিগুলো মজুদ করা হচ্ছিল । তাই দুই পক্ষকেই ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত