চীনবিরোধী প্রতিরক্ষা বলয় সম্প্রসারণ!

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০১:০২ এএম

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যকে নিয়ে গঠিত হয় ‘অকাস’ জোট (দেশ তিনটির নামের আদ্যাক্ষর নিয়ে তৈরি হয় নাম)। জোটের সদস্য ও প্রতিরক্ষা কার্যক্রমের পরিসর বাড়ানোর জন্য উদ্যোগী ভূমিকায় যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফিন্যান্সিয়াল টাইমস’ দাবি করেছে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অকাস সদস্য বাড়িয়ে চীনবিরোধী বলয়কে আরও শক্ত করতে চাইছে যুক্তরাষ্ট্র।

শুরুর দিকে অকাসকে একটি চুক্তির মতোই মনে করা হতো। কিন্তু ধীরে ধীরে এটি জোটের মতোই সক্রিয়তা দেখাচ্ছে। নতুন সদস্য অন্তর্ভুক্তি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে।

অকাসভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা আজ সোমবার চুক্তি অনুযায়ী ‘পিলার ২ (পিলার টু)’ ঘোষণা করবেন। এর আওতায় দেশগুলো কোয়ান্টাম কম্পিউটিং, সমুদ্রতল, হাইপারসনিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার পরিসরসহ আরও নানা বিষয়ে যৌথভাবে প্রযুক্তি প্রসারে কাজ করবে। প্রথম পিলারটি হচ্ছে অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন হস্তান্তর করা। সমঝোতা অনুযায়ী, এই তালিকায় নতুন করে কাউকে যুক্ত করা হচ্ছে না।

২০২১ সালে অকাস গঠিত হয়। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের ক্রমবর্ধমান প্রসারকে মোকাবিলা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অকাস গঠিত হয়। ওই সময় অকাস চুক্তিকে বিপজ্জনক আখ্যা দেয় চীন। বেইজিং আরও সতর্ক করে, এই চুক্তি অস্ত্রের আঞ্চলিক প্রতিযোগিতাকে বাড়িয়ে তুলবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়া মহাদেশে অংশীদার বাড়াতে আগ্রহী। জাপান ও ফিলিপাইন এ ক্ষেত্রে আগ্রহের জায়গায় রয়েছে। দক্ষিণ চীন সাগরসহ বিস্তীর্ণ সামুদ্রিক অঞ্চলে চীনের সামরিক উপস্থিতি চ্যালেঞ্জ করার উদ্দেশ্যেই এই তৎপরতা। টোকিওতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল ওয়াল স্ট্রিট জার্নালে একটি মন্তব্য প্রতিবেদনে লেখেন, জাপান প্রথম অতিরিক্ত ‘পিলার ২’ অংশীদার হতে যাচ্ছে।

উল্লেখ্য, এর আওতায় জাপান কীভাবে অন্তর্ভুক্ত হবে, তা নিয়ে কোনো কিছু বলা হয়নি।

যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা গত বুধবার গণমাধ্যমকে জানান, জাপান অকাসে অন্তর্ভুক্ত হচ্ছে। আগামী সপ্তাহে (এ সপ্তাহে) এ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হবে।

আগামী বুধবার জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। এতে অকাস সদস্য বাড়ানো নিয়ে আলোচনা হতে পারে।

অকাস জোটের কার্যক্রম বাড়ানো নিয়ে এখনো কোনো মন্তব্য আসেনি চীনের তরফ থেকে। যদিও শুরু থেকে এই জোট নিয়ে নিজেদের জোরালো বিরোধিতার কথা ঘোষণা করে এসেছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত