হবিগঞ্জের মাধবপুরে কারাদ-প্রাপ্ত পলাতক আসামি আলমগীর চৌধুরীকে ধরতে গিয়ে পুলিশের এক এএসআই ও দুই কনস্টেবল আহত হয়েছেন। উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামে গত রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন এএসআই নূরুল ইসলাম, কনস্টেবল আরিফ শেখ ও কনস্টেবল সোহাগ মিয়া।
মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ জানান, উপজেলার সুন্দরপুর গ্রামের হাসান চৌধুরীর ছেলে আলমগীর চৌধুরী চেক ডিজঅনারের চার মামলায় আদালতে বিভিন্ন মেয়াদে কারাদ-প্রাপ্ত। পুলিশের গ্রেপ্তার এড়াতে আলমগীর চৌধুরী পলাতক ছিল। রবিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার করে। এ সময় আলমগীর চৌধুরী তার লোকজনদের পুলিশের ওপর আক্রমণ চালিয়ে তাকে ছিনিয়ে নিতে হুকুম দেয়। তার হুকুম পেয়ে তার বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে একটি গাড়িতে তুলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তার বাড়ির সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে আলমগীর চৌধুরীকে আবার গ্রেপ্তার করে। পুলিশের ওপর হামলার ঘটনায় আলমগীর চৌধুরীকে প্রধান আসামি করে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে।
ওসি রকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
