পিনাক রঞ্জন চক্রবর্তীরা লর্ড ক্লাইভের ভূমিকা পালন করছেন: রিজভী

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০১:৫৬ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘কিছুদিন আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী দিল্লিতে এক অনুষ্ঠানে বলেছেন ভারতের কঠোর অবস্থানের কারণেই বাংলাদেশে ৭ জানুয়ারি নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল। এ ধরণের একটি মিথ্যা প্রচারণা তিনি চালিয়েছেন অবৈধ সরকারের পক্ষে। তিনি বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন।’

আজ বুধবার (১০ এপ্রিল) রাজধানীর শেওড়াপড়ায় বিএনপি নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন শেখ হাসিনা আর তাকে রক্ষা করছেন প্রতিবেশী প্রভূরা। জাতির পক্ষে দেশের স্বাধীনতার পক্ষে যারা থাকেন তারাই হলো প্রকৃত দেশপ্রেমিক। আজকে সিরাজউদ্দৌলার নীতির পক্ষে আছে জনগণ, আর জনগণের পক্ষে আছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। আর মিরজাফরের পক্ষে আছেন শেখ হাসিনা, ওবায়বুল কাদের, হাছান মাহমুদ সাহেবরা। আর  লর্ড ক্লাইভের ভুমিকা পালন করছেন পিনাক রঞ্জন চক্রবর্তীরা। 

বিএনপি এই নেতা আরও বলেন, আর একদিন পর ঈদ বাংলাদেশের ঘরে ঘরে কোন ঈদের আনন্দ নেই। সরকারের সীমাহীন লুটপাট আর দু:শাসনে পড়ে মানুষের অবস্থা খুবই নাজুক। এ রমজানে দেখেছেন নিত্যপণ্যের দাম কীভাবে লাগামহীন ছিল। মানুষ এখন আলু কিনতে পারে না। লেবু কিনতে পারে না চিনি কিনতে পারে না। সেমাই কিনতে পারে না।  নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারে না। আর ক্ষমতাসীন দলের লোকেরা আছে মহা ধুমধামে। কারণ তাদের হাতে আছে লুটের অবৈধ টাকা।

তিনি বলেন, আওয়ামী প্রধান শেখ হাসিনা গোটা দেশটাকে পরনির্ভরশীল করতে প্রতিদিন কত চিৎকার চেঁচামেচি করছেন। ওবায়দুল কাদের সাহেবরা প্রতিদিন শেখ হাসিনা গুন গান গাইছেন। দেশের মানুষ মরল না বাঁচল তাতে তাদের কিছু যায় আসে না। তাদের চাই শুধু ক্ষমতা।

এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিুল হক, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত