বাইশ বছর আগের আক্ষেপ ঘোচানোর হাতছানি লেভারকুসেনের

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ পিএম

সময়টা ২০০২। মাইকেল বালাক ক্যারিয়ারের সেরা সময়ে। সঙ্গে লুসিও, ব্রান্ড শ্নেইডারম, দিমিতার বার্বাতোভ। তাদেরকে নিয়ে ছিল বায়ার লেভারকুসেনের দুর্দান্ত এক স্কোয়াড। সেবার জার্মানির এই ক্লাবটি স্বপ্ন দেখছিল ট্রেবল জয়ের। তবে লিগের শেষ ৫ ম্যাচের অবিশ্বাস্য দুটি হারে কক্ষপথ থেকে ছিটকে যায় তারা। শেষদিনে বুরুশিয়া ডর্টমুন্ড শিরোপা ছিনিয়ে নেয় তাদের কাছ থেকে। তারপর জার্মান কাপের ফাইনালে শালকের কাছে হার। আর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জিনেদিন জিদানের ঐতিহাসিক ভলিতে বঞ্চিত হয় ট্রফি জয় থেকে।

তারপর থেকে আর কখনোই এমন সুসময় পায়নি লেভারকুসেনের সমর্থকরা। লম্বা সময় পর তাদের স্বপ্ন পূরণ হতে পারে আজ। ভেডার ব্রেমেনের বিপক্ষে জয় পেলেই আজ বুন্দেসলিগার শিরোপা পেয়ে যাবে তারা। ক্লস টপমোলার সেবার যা পারেননি, ২২ বছর পর সেই আক্ষেপ ঘোচানোর হাতছানি জাবি আলোনসোর সামনে।  

আজ লেভারকুসেন জিতলেই ভেঙে যাবে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের রাজত্ব। ২০১১-১২ মৌসুমে সর্বশেষ বায়ার্ন ব্যতীত অন্য কোনো দল জিতেছিল বুন্দেসলিগার শিরোপা। বরুশিয়া ডর্টমুন্ডকে পরপর দুবার শিরোপা জিতিয়েছিলেন ইউর্গেন ক্লপ। এরপর থেকে এককভাবে রাজত্ব করেছে কেবল ওই বায়ার্নই। তবে চলতি মৌসুমে বাভারিয়ানরা খুব একটা পাত্তাই পায়নি। টমাস টুখেলের দলটি এবার শুরু থেকেই ছিল নাজুক। একাধিকবার লিগে হোঁচট খেয়েছে তারা। আর বিপরীতে জাবি আলোনসোর অধীনে বায়ার লেভারকুসেন খেলেছে অত্যন্ত আগ্রাসী ধারার ফুটবল।

আলোনসো খেলোয়াড়ি জীবনে রাফায়েল বেনিতেজ, হোসে মরিনহো, পেপ গার্দিওলা এবং কার্লো অ্যানচেলত্তির মতো কিংবদন্তি সব কোচের অধীনে খেলেছেন। আলোনসোর বাবাও ম্যানেজার হিসেবে ছিলেন সফল। নিজেও তাই দলের জন্য বেছে নিয়েছেন আলাদা এক ধারা। যা তাকে পরিণত করেছে দুর্দান্ত এক কোচে।

গত ১২০ বছরে লেভারকুসেনের শিরোপা মোটে দুইটি। বারবার দুর্ভাগ্যের কারণে লেভারকুসেনকে উপাধি দেওয়া হয়েছে Vizekusen ("second-kusen")। ১৯৭৯ সাল থেকেই লিগে নিয়মিত খেলছে তারা। তবে ৫ বার রানার্স আপ হয়ে লিগ শেষ করেছে। আর জার্মান কাপের ফাইনাল খেলেছে ৪ বার। যার মধ্যে ৩ বারই রানার্স আপ! চ্যাম্পিয়নস লীগের ফাইনাল একবার খেললেও তাতে হারতে হয়েছিল তাদের।

যদিও এবার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। লিগে চলতি মৌসুমে ২৮ ম্যাচ খেলে ২৪ জয় ও চার ড্রয়ে ৭৬ পয়েন্ট পেয়েছে লেভারকুসেন। গোল করেছে ৬৯টি, খেয়েছে মাত্র ১৯টি। আর একটা ম্যাচ জিতলেই শিরোপা হাতে পাবে জাবির দল। আর যদি নিজেদের বাকি ছয় ম্যাচই জেতে তাহলে বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়ার নতুন রেকর্ডও গড়বে তারা।

বর্তমানে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪২ ম্যাচে অপরাজিত আছে লেভারকুসেন। ইউরোপের শীর্ষ ১০ লিগে এই শতকে টানা এর চেয়ে বেশি ম্যাচ জিতেছে শুধু জুভেন্টাস। ২০১১-১২ মৌসুমে টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল তুরিনের বুড়িরা। আজকের ম্যাচে হার এড়াতে পারলেই জুভেন্টাসের রেকর্ড স্পর্শ করবে লেভারকুসেন।

এ মৌসুমে লেভারকুসেনের সামনে সুযোগ আছে সব মিলিয়ে আরও ১১ ম্যাচ খেলার। সামনে আছে জার্মান কাপের ফাইনাল ও ইউরোপা লিগের সূচি। এই ১১ ম্যাচ অপরাজিত থাকলে ট্রেবল জয় নিশ্চিত করার পাশাপাশি মৌসুমজুড়ে অপরাজিত থাকার বিরল এক কীর্তিও গড়বে লেভারকুসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত