আজ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার মাঠে খেবলে পিএসজি। প্রথম লেগে ৩-২ গোলে হেরেছে লুইস এনরিকের পিএসজি। তবে আজ ম্যাচ জিতে চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার বিষয়ে আত্মবিশ্বাসী পিএসজির কোচ।
স্প্যানিশ এই কোচ নিশ্চিত, ফিরতি লেগে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে জায়গা করে নেবে পিএসজি।
২০১৫ সালে বার্সেলোনার সবশেষ চ্যাম্পিয়নস লিগ জয়ের সময় ডাগআউটে ছিলেন এনরিকে। সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, 'আমরা পুরোপুরি বিশ্বাস করি যে, এখানে (বার্সার মাঠে) আমরা স্কোর লাইন পাল্টে দিতে পারব। প্রথম ম্যাচে দুই দল প্রবল লড়াই করেছে। তবে আমাদের যেটা প্রাপ্য ছিল সেটা নেই ফলাফলে। ৩-২ স্কোর লাইনের অর্থ আমাদের এখানে জয়ের জন্য খেলতে হবে।'
বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় লেগের আগে বাড়তি বিশ্রাম পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। চলতি সপ্তাহে খেলতে হয়নি ঘরোয়া লিগে। এনরিকে মনে করেন, আক্রমণাত্মক ফুটবল খেলতে এই বিশ্রাম সহায়ক হবে। 'আমরা প্রথম মিনিট থেকে ওদের চেপে ধরব আর ওরা নিজেদের খেলাটা খেলবে। যখন আমাদের দখলে বল থাকবে, আমরা চাইব বেশি সম্ভব সুযোগ তৈরি করার।'
গুরুত্বপূর্ণ এই ম্যাচে পিএসজি ফিরে পাচ্ছে মরোক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমিকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়।
