হরিরামপুর উপজেলায় চেয়ারম্যান হতে বাবা-ছেলের লড়াই

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১২:২১ পিএম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম পর্বে ১৫২টি উপজেলার মধ্যে মানিকগঞ্জের দুই উপজেলায় পিতা-পুত্রসহ মোট ৩২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে সিংগাইর উপজেলা থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

অপরদিকে হরিরামপুর উপজেলা থেকে রয়েছেন চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে আটজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

চেয়ারম্যান পদে সিংগাইর উপজেলা থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বলধারা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মাজেদ খান, (নির্দলীয়) নিত্য গোপাল সাহা বলাই ও জামির্ত্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা মো. আবদুল হাকিম।

অপরদিকে হরিরামপুর উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজিবুল হাসান রাজিব, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মো. সাদ্দাম হোসেন, আয়ারল্যান্ডের ডাবলিন শহর আওয়ামী লীগের উপদেষ্টা সামছুল ইসলাম, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সেলিম মোল্লা, হরিরামপুর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. আজিম খাঁন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তামজিদ উল্লা প্রধান লিল্টু, হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও বয়ড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার এবং নির্দলীয় রাকিব হাসান।

এর মধ্যে হরিরামপুর থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজিবুল হাসান রাজিব ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সেলিম মোল্লা সম্পর্কে পিতা-পুত্র।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী প্রথম ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ এপ্রিল। মনোয়নপত্র যাচাই-বাছাই ১৭ এপ্রিল। মনোয়নপত্র প্রত্যাহার ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত