স্নানোৎসবে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৯ পিএম

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে অংশ নিতে এসে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু হয়েছে। দুই দিনব্যাপী স্নানোৎসবের শেষ দিন আজ মঙ্গলবার পরিবারের সাথে স্নান করতে নেমে পানিতে ডুবে যায় রাজদ্বীপ (৮) নামের এক শিশু।

মঙ্গলবার সকাল ১০ টায় লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের চার নাম্বার অন্নপূর্ণা ঘাটে এ ঘটনা ঘটে। রাজদ্বীপ চট্টগ্রামের পটিয়া থানার বেল মাইন গ্রামের উজ্জল দাসের ছেলে।

পুলিশ জানিয়েছে, রাজদ্বীপ তার বাব-মা, দিদা এবং বোনের সঙ্গে স্নান করতে নেমে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয়। পরে তার নিখোঁজের বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে সকাল সাড়ে ১০টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত শিশুর পিতা মাতার আবেদেনর প্রেক্ষিতে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। চট্টগ্রামে তার নিজ গ্রামেই শেষকৃত্য সম্পন্ন হবে।

এদিকে আজ মঙ্গলবার ৪টা ৫৮ মিনিটে আনুষ্ঠানিকভাবে লাঙ্গলবন্দের অষ্টমী স্নান সম্পন্ন হয়। সনাতন ধর্মের প্রচলিত রীতি অনুযায়ী মহা অষ্টমী স্নানের লগ্ন শুরু হয়েছিল সোমবার বিকেল ৪টা ২১ মিনিটে। দুই দিনব্যাপী এ স্নানোৎসবে দেশ ও দেশের বাইরে থেকে বিপুল সংখ্যাক পূণ্যার্থীর আগমন ঘটে।

লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটির সভাপতি সরোজ সাহা জানান, স্নানোৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ বিভিন্ন দেশ থেকে পূণ্যার্থীরা এখানে এসেছেন। এবার প্রায় ১০ থেকে ১২ লাখ পুণ্যার্থী অষ্টমী স্নানে অংশ নিয়েছেন। 

বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান জানান, প্রতিবছরের মতো এ বছরও স্নানের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছিলাম। আমরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এ স্নানোৎসবটি সম্পন্ন করতে পেরেছি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, পূর্ণ্যার্থীদের নিরাপত্তায় পুলিশ, আনসার ও র‌্যাবের সহস্রাধিক সদস্য নিয়োজিত ছিল। তীর্থস্থানের তিন কিলোমিটার এলাকা সিসি ২০০টি সিসি ক্যামেরা ও একাধিক ওয়াচ টাওয়ার স্থাপন করে পুণ্যার্থীদের নিরাপত্তা বিধান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত