বরুশিয়া ডর্টমুন্ড সবশেষ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলেছিল ২০১২–১৩ মৌসুমে। দীর্ঘ ১১ বছর পরে আবারও ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে শেষ চার নিশ্চিত করেছে জার্মান ক্লাবটি। প্রথম লেগে ২–১ ব্যবধানে পিছিয়ে থাকা দলটি ঘরের মাটিতে ৪-২ গোলের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে। তাতে ৫-৪ অগ্রগামিতায় এডিন টেরজিকের শিষ্যদের সেমিফাইনাল নিশ্চিত হয়।
ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে ম্যাচের ৩৪ ও ৩৯ মিনিটে ইউলিয়ান ব্রান্ড ও ইয়ান মাটসেনের গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটে ম্যাট হামেলসের আত্মঘাতী গোল হজম করে তারা।
৬৪ মিনিটে আনহেল কোরেয়া আতলেতিকোর হয়ে দ্বিতীয় গোল করলে ২-২ গোলের সমতার সঙ্গে অগ্রগামিতার হিসাবেও এগিয়ে যায় মাদ্রিদের ক্লাবটি।
সেখান থেকে দলকে উদ্ধার করার দায়িত্ব নেন নিকোলাস ফুলক্রুগ। ৭১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন জার্মান এই ফুটবলার। তারপরে ত্রাতার ভূমিকায় আসেন মার্সেল সাবিৎজার। তার গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় জার্মান ক্লাবটি।
বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৫–৪ অগ্রগামিতায় শেষ চার নিশ্চিত হয় ডর্টমুন্ডের। সেমিতে তাদের প্রতিপক্ষ বার্সাকে কাঁদিয়ে আসা ফরাসি ক্লাব পিএসজি।
