তৃতীয় ধাপে ভোট ২৯ মে

উপজেলা চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৬:২৫ এএম

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান নীরা ওরফে সাদ্দাম আকঞ্জির দুই সমর্থককে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার বিকেলে উপজেলা সদরে আদালত চত্বরে এবং উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে আলাদা আলাদা সময়ে ওই দুজনের ওপর হামলা হয়। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলেন দুর্গাপুর সদর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি নূরুন্নবী ও উপজেলার চন্ডিগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহাবুব। তারা দুজনই সাদ্দাম আকঞ্জির সমর্থক।

জানা গেছে, দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান নীরা ওরফে সাদ্দাম আকঞ্জির সঙ্গে বেশ কিছু দিন ধরে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান ও তার লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল বিকেলে সাদ্দাম আকঞ্জির সমর্থক নূরুন্নবী এক মামলায় আদালতে হাজিরা দিয়ে বের হলে হাবিবুর রহমানের লোকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এর কিছুক্ষণ পর উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে সাদ্দাম আকঞ্জির আরেক সমর্থক ছাত্রলীগ নেতা মাহাবুবের ওপর হামলা চালানো হয়। তাকেও কুপিয়ে আহত ও তার মোটরসাইকেল ভাঙচুর করে হামলাকারীরা।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা ওরফে সাদ্দাম আকঞ্জির বলেন, ‘আমি সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করি। এরই জেরে আমার নির্বাচন বানচাল করার জন্য এমপি সাহেবের কাছের লোক হাবিবুর আমার লোকজনের ওপর হামলা করেছে। এ ছাড়াও হাবিবুর মজিবুর হত্যার ৪ নম্বর আসামি হয়েও এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে। এখন এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’

তবে দুর্গাপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বলেন, ‘আমি শুনেছি আদালত চত্বরে নুরুন্নবী ও মাহাবুব নিজেরাই নেশাগ্রস্ত অবস্থায় মারামারি করে আহত হয়েছে। এদের মধ্যে কোনো ঝামেলা হলেই আমাকে কেন জড়ায় আমি জানি না। আমি এ ঘটনার সঙ্গে জড়িত না।’

দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘আমি দলীয় কর্মসূচি নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম। তবে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে শুনেছি। দলীয় কোনো বিষয় নয়, তাদের ব্যক্তিগত ব্যাপার।’

দুর্গাপুর থানার ওসি উত্তম কুমার দেব বলেন, ‘শুনেছি দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে : তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে। গতকাল বুধবার বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের এ তফসিল চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট ২৯ মে।

জাতীয় সংসদ নির্বাচনের তিন মাসের মাথায় সারা দেশে স্থানীয় সরকারের এ নির্বাচন (উপজেলা পরিষদ) হতে যাচ্ছে। এবার চার ধাপে ৪৮০টি উপজেলা পরিষদে ভোট হওয়ার কথা। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট হবে। দ্বিতীয় ধাপে ১৬৬টি উপজেলায় ভোট হবে আগামী ২১ মে। গতকাল তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত