ডেঙ্গু প্রতিরোধে ২২ এপ্রিল মাঠে নামছে ডিএনসিসি

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৭:০২ এএম

ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগেই একযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে জনসচেতনতা কার্যক্রম বাড়াতে মাঠে নামার ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। জনসাধারণকে সঙ্গে নিয়ে ডেঙ্গু মোকাবিলায় ৫৪ জন সাধারণ ও ১৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর মাসব্যাপী এ প্রচারাভিযান পরিচালনা করবেন। আগামী ২২ এপ্রিল থেকে এ কার্যক্রম শুরু হবে।

গতকাল বুধবার বিকেলে অনলাইন প্ল্যাটফর্মে এক সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় কাউন্সিলর ও ডিএনসিসির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছেন তাদের সেবা করার জন্য। মশার যন্ত্রণায় যদি তারা অতিষ্ঠ থাকে তার কী জবাব দেব আমরা। তাই সব কাউন্সিলর এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীদের একযোগে কাজ করে ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার আগেই তা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। সবাই যদি সচেতন থাকি এডিস মশা কখনই বংশ বিস্তার করতে পারবে না। নিজের নিরাপত্তার জন্যই অন্যকে এ বিষয়ে সচেতন করতে হবে। কাউন্সিলররা নিজ নিজ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা, মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সম্পৃক্ত করে প্রতি মাসে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা ও র‌্যালির আয়োজন করবে। এজন্য প্রত্যেক কাউন্সিলরকে প্রতি মাসে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত