আসন্ন নির্বাচন ঘিরে প্রচারণায় সময় দিচ্ছেন দেব। প্রায় প্রতিদিনই ঘাটালে কেন্দ্রের নানা এলাকায় জনসংযোগে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের এ তারকা প্রার্থী। দেবকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ঘাটালবাসীও। আর উচ্ছ্বাসের চাপেই এবার বিপাকে পড়লেন দেব।
বুধবার রাত আটটা নাগাদ ঘাটালের ঝাউতলায় পথসভা করেন দেব। সে জন্য তৈরি করা হয়েছিল একটি মঞ্চ। কিন্তু দেব মঞ্চে উঠতেই লোক বাড়তে থাকে। দেবকে কাছ থেকে দেখতে বহু মানুষ মঞ্চে উঠে পড়েন। তখনই ভার সামলাতে না পেরে ভেঙে পড়ে অস্থায়ী মঞ্চটি। দেব বেসামাল হতেই তাকে ধরে নেন তারকার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা। তবে জানা গেছে, এই ঘটনায় কেউ আহত হয়নি।
প্রসঙ্গত, জনসাধারণের সঙ্গে মিশে গিয়ে প্রচারের ময়দানেও নজর কাড়ছেন দেব। ভোট প্রচারের অবসরে ক্লান্ত শরীরে সুপারস্টার অভিনেতাকে দেখা গেল দলীয় কর্মীর বাড়িতে কাগজের কাপ হাতে চায়ে চুমুক দিতে। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে নেটপাড়ায় চর্চার শিরোনামে। কোনোরকম তারকাসুলভ হাবভাব নেই, বরং একেবারে সাদামাটাভাবেই ঘাটালে প্রচার চালাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গুড বয়’।
বিশ্বের প্রভাবশালীদের তালিকায় এবার আলিয়া ভাট