জাভির শেষ এল ক্লাসিকো আজ

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০১:৩৭ এএম

আজ লা লিগায় এল ক্লাসিকো। সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। জাভি হার্নান্দেজ এল ক্লাসিকোর সঙ্গে বেশ পরিচিত। বার্সেলোনায় খেলোয়াড় হিসেবে ১৯৯৮-২০১৫ পর্যন্ত ছিলেন। তখন নিয়মিতই রিয়ালের মুখোমুখি হয়েছেন। পরে ২০২১ থেকে বার্সার কোচ হিসেবে এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাব্যুতে গেছেন জাভি। এই মৌসুম শেষে বার্সা ছাড়বেন তিনি। ফলে কোচ জাভির শেষ এল ক্লাসিকো হতে যাচ্ছে আজ।

এরপর যদি জাভি স্পেনের শীর্ষ লিগের অন্য কোন ক্লাবে যোগ দেন, বার্নাব্যুতে প্রতিপক্ষ হিসেবে যেতে পারবেন। স্পেনের কোনো ক্লাবে যোগ না দিয়ে যদি ইউরোপের অন্য কোনো দেশের ক্লাবে যোগ দেন তখন, শুধু ইউরোপিয়ান টুর্নামেন্টের খেলা হলেই হয়তো কোচ হিসেবে বার্নাব্যুতে ফিরবেন জাভি। তবে সেগুলো তো আর এল ক্লাসিকো হবে না। আরেক সম্ভাবনা হলো জাভি কখনো রিয়ালের কোচ হয়ে বার্সার মুখোমুখি হলে এল ক্লাসিকোতে বার্নাব্যুতে থাকতে পারেন তবে সেটির আপাতত কোনো সম্ভাবনা নেই। তাই আপাতত বলাই যায় জাভি আজ শেষবার যাচ্ছেন বার্নাব্যুতে।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোচ হিসেবে এর আগে মোট ৯টি ম্যাচ দায়িত্বে ছিলেন জাভি। জিতেছেন ৪টি, হেরেছেন ৫টিতে। জাভি কোচ হিসেবে প্রতি এল ক্লাসিকোতেই প্রতিপক্ষ দলের ডাগআউটে পেয়েছেন কার্লো আনচেলত্তিকে। তাই আজ জিতে আনচেলত্তির সঙ্গে হিসাবটা সমান (পাঁচ-পাঁচ জয়) করে নিতে চাইবেন জাভি।

লা লিগায় ৩১ রাউন্ড শেষে ৭৮ পয়েন্টে শীর্ষে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ৭০ পয়েন্টে দুইয়ে। আজকের ম্যাচে বার্সা জিতলেও লিগে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকবে লস ব্লাঙ্কোসরা। এরপর হাতে থাকবে আরও ছয় ম্যাচ। তবে বড় ধরনের কোনো অঘটন না ঘটলে রিয়ালের হাতেই উঠতে যাচ্ছে এবারের লিগ শিরোপা।

বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে। পিএসজির সঙ্গে প্রথম লিগে জিতলেও নিজেদের মাঠে দ্বিতীয় লেগে ৪-১ গোলে হেরেছে বার্সা। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে ইতিহাদে সিটির সঙ্গে ১-১ সমতা থাকার পর টাইব্রেকে সেমিফাইনালে পা দেয় রিয়াল। তাই ফুরফুরে মেজাজে আছে আনচেলত্তির দল।

এই মৌসুমে লিগে প্রথম দেখায় বার্সার মাঠে জিতেছিল রিয়াল। সবশেষ সুপার কাপেও রিয়ালের কাছে হেরেছে কাতালান ক্লাবটি। গত মৌসুমেও লা লিগায় নিজেদের মাঠে বার্সাকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা প্রথম মুখোমুখি হয়েছিল ১৯০২ সালে। এখন পর্যন্ত ২৫৬টি প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়েছে এই দল দুটি। রিয়াল জিতেছে ১০৪ ম্যাচে, বার্সেলোনা ১০০টিতে আর ড্র হয়েছে ৫২ ম্যাচ। রিয়াল গোল করেছে ৪৩০টি, বার্সার গোল ৪১৭টি। এছাড়াও ৪২টি প্রীতি ম্যাচ খেলেছে রিয়াল-বার্সা। সেখানে ৬ ম্যাচ জিতেছে রিয়াল, বার্সার জয় ২৪ ম্যাচে, ড্র হয়েছে ১২টি।

অনেকেই মনে করেন এল ক্লাসিকোতে আর আগের মতো উত্তাপ নেই, এমনটি ভাবেন সাবেক রিয়াল খেলোয়াড় মেসুত ওজিলও। জার্মানির সাবেক এই মিডফিল্ডার মনে করেন এমনটি হয়েছে বার্সেলোনার কারণে। ‘এই মুহূর্তে এটি (এল ক্লাসিকো) বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ। দুর্ভাগ্য আমাদের পেপ এর আমলের বার্সা ছিল ইতিহাসের অন্যতম সেরা দল। তখন এল ক্লাসিকোর মান ছিল অন্য পর্যায়ে, যা এখনকার তুলনায় ভিন্ন ছিল।’ ওজিলের মতে এখন মানুষ এল ক্লাসিকোর চেয়ে বেশি আগ্রহী থাকে লিভারপুল-সিটি কিংবা প্রিমিয়ার লিগের ম্যাচ নিয়ে। তবে এল ক্লাসিকোর মান কমে যাওয়ার পেছনে রিয়াল দায়ী নয়। ‘রিয়াল মাদ্রিদের দোষ নেই। রিয়াল এখনো বিশ্বের অন্যতম সেরা ক্লাব। সমস্যা হলো বার্সেলোনাকে নিয়ে, তারা নিজেদের যেন হারিয়ে ফেলছে। তারা ভুগছে নিয়মিত তবে তারা চেষ্টা করছে ভালো করার। তাদের সব পজিশনেই ভালো খেলোয়াড় আছে কিন্তু তাদের ইনজুরি সমস্যাও বেশ ভোগাচ্ছে এই মৌসুমে। তাদের নিজেদের ভুলগুলো দেখা উচিত আর সবসময় রেফারি নিয়ে কান্না করা বন্ধ করা উচিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত